নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১০ টাকা চাঁদা না দেওয়ায় মুমিনুল মিয়া নামে এক অটোরিকশাচালককে হত্যার ঘটনায় প্রধান আসামি শাহিন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) ভোরে মেঘনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহিন মিয়া দড়িকান্দি এলাকার নসর আলমের ছেলে। এদিন দুপুরে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।
হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বড় ভাই মোবারক হোসেন বাদি হয়ে শাহিন মিয়াকে আসামি করে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।
জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে উপজেলার সনমান্দি ইউনিয়নের দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় শাহিন মিয়া একটি সিন্ডিকেটের মাধ্যমে আওয়ামী সরকার পতনের পর থেকে প্রতিদিন বিভিন্ন অটোরিকশা ও সিএনজি থেকে ১০ টাকা করে চাঁদা উত্তোলন করেন। গত ১৭ মে অটোরিকশাচালক মমিনুল মিয়া দড়িকান্দি বাসস্ট্যান্ডে যান। এ সময় শাহিন মিয়া তার কাছে ১০ টাকা চাঁদা দাবি করেন। মমিনুল মিয়া তাকে এক দফা টাকা দিয়েছেন বলে জানায়। এ নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়।
পরে শাহিন মিয়া তার লোকজনদের নিয়ে অটোরিকশাচালক মুমিনুল মিয়াকে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। এতে মমিনুল অসুস্থ হয়ে পড়লে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ২০ মে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অটোরিকশাচালক মুমিনুল মারা যাওয়ার পর থেকে হত্যাকাণ্ডে জড়িত শাহিন মিয়া এলাকা ছেড়ে পালিয়ে যায়। পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দীর্ঘ দেড় মাস পর গতকাল শুক্রবার ভোরে মেঘনা এলাকা থেকে প্রধান আসামি শাহিন মিয়াকে গ্রেফতার করে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার বলেন, চাঁদার দাবিতে অটোরিকশাচালক মুমিনুল হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি শাহিন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সময়ের আলো/আআ