মাদারীপুরের শিবচর উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় নারী ও শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দ্বিতীয় খণ্ড ইউনিয়নের মোড়লকান্দি এলাকায় শিবচর-কুতুবপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার দ্বিতীয় খণ্ড ইউনিয়নের মাদবরকান্দি এলাকার খাইরুল মাদবরের স্ত্রী বিথী আক্তার (নীলপরী) (৩৫) এবং একই এলাকার হারুন মাদবরের মেয়ে আয়শা আক্তার (৯)। তারা সম্পর্কে চাচি-ভাতিজি। আহতরা হলেন একই এলাকার সাহাদাত মাদবরের মেয়ে সাজেদা আক্তার (৯) এবং ভ্যানচালক লিটন মিয়া (৩০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিথী আক্তার পরিবারের ছয় সদস্যকে নিয়ে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে দুটি ব্যাটারিচালিত ভ্যানে করে কুতুবপুর ইউনিয়নে যাচ্ছিলেন। দ্বিতীয় খণ্ড ইউনিয়নের নদীরপাড় এলাকায় পৌঁছালে একটি ভ্যান উল্টে যায়। এ সময় পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই চারজন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিথী আক্তার ও আয়শা আক্তারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ভ্যানচালক লিটন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ আসিফ বলেন, দুপুরে চারজন রোগীকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে পরীক্ষা-নিরীক্ষার পর দুজনকে মৃত অবস্থায় ঘোষণা করা হয়। এছাড়া একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সময়ের আলো/আআ