বিশ্বকাপে আলোচিত আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের বর্তমানে আগাম ভিসা নিতে হবে। যদিও যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের সর্বশেষ পাসপোর্ট সূচকে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত গন্তব্যের তালিকায় কেপ ভার্দের নাম রয়েছে।
তবে দেশটির সরকারি অভিবাসন কর্তৃপক্ষের সর্বশেষ নির্দেশনায় ভিন্ন তথ্য দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৯১টি দেশের নাগরিকদের কেপ ভার্দেতে প্রবেশ, ট্রানজিট বা বিমানবন্দরে যাত্রাবিরতির আগে অবশ্যই বৈধ ভিসা সংগ্রহ করতে হবে।
ফলে বর্তমানে বাংলাদেশি নাগরিকরা আগাম ভিসা ছাড়া দেশটিতে প্রবেশ করতে পারবেন না। ভিসা ছাড়া পৌঁছালে প্রবেশ, ট্রানজিট কিংবা যাত্রাবিরতির অনুমতি প্রত্যাখ্যান করা হতে পারে।
কেপ ভার্দের অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় ভিসা পেতে আবেদনকারীদের নিজ দেশের নিকটতম কেপ ভার্দের দূতাবাস বা কনস্যুলারের সঙ্গে যোগাযোগ করতে হবে।
ভ্রমণসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, হেনলি পাসপোর্ট সূচক আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি রেফারেন্স হলেও বিভিন্ন দেশের ভিসানীতির পরিবর্তন সেখানে হালনাগাদ হতে কিছুটা সময় লাগতে পারে। তাই বিদেশ সফরের আগে সংশ্লিষ্ট দেশের সরকারি অভিবাসন কর্তৃপক্ষ বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে সর্বশেষ ভিসানীতি যাচাই করাই সবচেয়ে নিরাপদ।
উল্লেখ্য, বাংলাদেশে কেপ ভার্দের কোনো দূতাবাস নেই। ফলে বাংলাদেশি নাগরিকদের সাধারণত তৃতীয় কোনো দেশে অবস্থিত কেপ ভার্দের দূতাবাসের মাধ্যমে ভিসার আবেদন ও সংগ্রহ করতে হয়।
সময়ের আলো/কেএইচও