
২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে রোববার মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। ম্যাচটিকে সামনে রেখে ২৫ হাজার সিমুলেশন চালিয়ে দুই দলের জয়ের সম্ভাবনা প্রকাশ করেছে অপ্টার সুপার কম্পিউটার। সেই পূর্বাভাসে এগিয়ে রাখা হয়েছে ব্রাজিলকে।
অপ্টার সিমুলেশন অনুযায়ী, নির্ধারিত সময়ে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৩ দশমিক ৬ শতাংশ। নরওয়ের জয়ের সম্ভাবনা ২২ দশমিক ৪ শতাংশ। আর ম্যাচ ড্র হয়ে অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা ২৪ শতাংশ।
সব মিলিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা ব্রাজিলের ৬৫ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে নরওয়ের সেই সম্ভাবনা ৩৪ দশমিক ৫ শতাংশ। জিতলে শেষ আটে ব্রাজিলের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড অথবা মেক্সিকো।
শেষ ষোলোর রেকর্ডও ব্রাজিলের পক্ষেই কথা বলছে। বিশ্বকাপে নিজেদের শেষ ১০টি শেষ ষোলোর ম্যাচের মধ্যে ৯টিতেই পরের রাউন্ডে উঠেছে তারা। শুধু ১৯৯০ সালে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরে বিদায় নিতে হয়েছিল।
অন্যদিকে, আগের রাউন্ডে আইভরি কোস্টকে শেষ মুহূর্তের গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে নরওয়ে। ম্যাচের ৮৬ মিনিটে গোল করেন আর্লিং হালান্ড। ২-১ গোলের সেই জয় ছিল বিশ্বকাপের নকআউট পর্বে নরওয়ের প্রথম জয়। এর আগে বড় কোনো টুর্নামেন্টে তারা মাত্র দুটি নকআউট ম্যাচ খেলেছিল এবং ১৯৩৮ ও ১৯৯৮ সালে দুটি ম্যাচেই ইতালির কাছে হেরেছিল।
আগের রাউন্ডে জাপানের বিপক্ষে কঠিন লড়াইয়ের পর জয় পায় ব্রাজিল। কাইশু সানোর গোলে পিছিয়ে পড়ার পর কাসেমিরো সমতা ফেরান। পরে শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে সেলেসাওরা।
মার্তিনেল্লির জয়সূচক গোলে অ্যাসিস্ট করেন ব্রুনো গিমারায়েস। চলতি বিশ্বকাপে তার অ্যাসিস্ট সংখ্যা এখন চার। ১৯৬৬ সালের পর এক আসরে ব্রাজিলের হয়ে এর চেয়ে বেশি অ্যাসিস্ট করেছেন শুধু পেলে। ১৯৭০ বিশ্বকাপে তার অ্যাসিস্ট ছিল ছয়টি।
সময়ের আলো/আরবিএন