তেহরানে খামেনির জানাজা : দ্বিতীয় দিনে শেষশ্রদ্ধা জানাতে লাখো মানুষের ঢল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

তীব্র দাবদাহ উপেক্ষা করে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় জনসমুদ্রের সৃষ্টি

2026-07-05T09:13:48+00:00
2026-07-05T09:44:21+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
তেহরানে খামেনির জানাজা : দ্বিতীয় দিনে শেষশ্রদ্ধা জানাতে লাখো মানুষের ঢল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৯:১৩ এএম  আপডেট: ০৫.০৭.২০২৬ ৯:৪৪ এএম
ছবি : সংগৃহীত
তীব্র দাবদাহ উপেক্ষা করে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় জনসমুদ্রের সৃষ্টি হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি যৌথ বিমান হামলায় শাহাদাতবরণকারী এই নেতার দাফন প্রক্রিয়া চার মাস বিলম্বের পর আজ রোববার (৫ জুলাই) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। তেহরানের আকাশ-বাতাস এখন শোকের ধ্বনি আর প্রতিরোধের স্লোগানে প্রকম্পিত।

তীব্র তাপপ্রবাহের কারণে শোকাতুর মানুষের কষ্ট লাঘবে মোসাল্লা প্রাঙ্গণজুড়ে পানি ছিটানোর বিশেষ মিস্ট-সিস্টেম স্থাপন করেছে কর্তৃপক্ষ। রেড ক্রিসেন্ট ও হাজারো স্বেচ্ছাসেবক দিনরাত কাজ করে যাচ্ছেন তৃষ্ণার্ত মানুষের সেবায়। রাষ্ট্রীয় টেলিভিশনের সরাসরি সম্প্রচারে দেখা গেছে, নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ নির্বিশেষে লাখো মানুষ অশ্রুসজল চোখে প্রিয় নেতার কফিনের সামনে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছেন। তেহরানের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নিরাপত্তার কঠোর বলয় তৈরি করা হয়েছে, এমনকি যান চলাচলেও আনা হয়েছে কড়া নিয়ন্ত্রণ।

ইরানের মানুষের এই স্বতঃস্ফূর্ত আবেগ ও শোক দেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিস্ময় প্রকাশ করেছেন। মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প স্বীকার করেন, তিনি ভেবেছিলেন ইরানিরা খামেনিকে ঘৃণা করে। কিন্তু জনগণের এই কান্নায় তার ধারণা ভুল প্রমাণিত হয়েছে। একই সাথে ট্রাম্প উসকানিমূলকভাবে দাবি করেন, তিনি চাইলে এই শোকসভাকে মুহূর্তেই নিশ্চিহ্ন করে দিতে পারেন। তবে আলোচনার স্বার্থে তিনি আপাতত এমন কোনো পদক্ষেপ নিচ্ছেন না।

ট্রাম্পের এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে আর্মেনিয়ায় অবস্থিত ইরান দূতাবাস। তারা ‘এক্স’-এ এক পোস্টে লিখেছে, মানুষকে হত্যা করা যায়, কিন্তু আদর্শকে নয়। তোমরা একটি সুগন্ধির বোতল ভেঙেছ, যার সুবাস এখন চারদিকে ছড়িয়ে পড়ছে।

ইরানি গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, এই স্মরণানুষ্ঠানে অংশ না নিতে যুক্তরাষ্ট্র অন্তত ১৩টি দেশের ওপর চাপ প্রয়োগ করেছিল। মার্কিন চাপের মুখে পূর্ব ইউরোপ, আফ্রিকা ও উপসাগরীয় অঞ্চলের বেশ কিছু দেশ অনুষ্ঠানে যোগ দেয়নি। তবে তা সত্ত্বেও বিশ্বের বহু দেশের প্রতিনিধি, ধর্মীয় নেতা এবং ইরানের মিত্ররা তেহরানে সমবেত হয়েছেন। উল্লেখ্য, নিরাপত্তার খাতিরে এবার ইউরোপের কোনো দেশকেই আমন্ত্রণ জানায়নি তেহরান।

কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, এই ঐতিহাসিক শোকযাত্রা আগামী সাতদিন ধরে চলবে। ৬ জুলাই: শোকযাত্রা ইরানের দক্ষিণের কোম নগরীর দিকে যাত্রা করবে; ৭ জুলাই: ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালা হয়ে শোকবহর পৌঁছাবে মাশহাদে; ৯ জুলাই: ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির জন্মস্থান এবং শিয়া ইসলামের অষ্টম ইমামের মাজারস্থল মাশহাদে চূড়ান্ত দাফন সম্পন্ন হবে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই আয়োজনে অংশ নেওয়ার জন্য সব ধর্মের ও রাজনৈতিক মতাদর্শের নাগরিকদের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আপনাদের উপস্থিতি সন্ত্রাসবাদ ও জবরদস্তির বিরুদ্ধে একটি চূড়ান্ত জবাব।

১৯৮৯ সালে ইমাম খোমেনির জানাজার পর এটিই ইরানের ইতিহাসে সবচেয়ে বড় জনসমাগম হতে যাচ্ছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। নিরাপত্তার কারণ দেখিয়ে এই শোকযাত্রায় সশরীরে উপস্থিত থাকছেন না প্রয়াত নেতার পুত্র ও বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি, যাকে ইসরায়েলের পক্ষ থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে।


সময়ের আলো/কহু



  বিষয়:   সময়ের আলো  ইরান  আলি খামেনি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: