বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান আজ রোববার (৫ জুলাই) তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসছেন। তার দীর্ঘদিনের পরিচিত গৌরী স্প্র্যাটকে ঘরোয়া আয়োজনে বিয়ে করছেন এই অভিনেতা। ভারতের মুম্বাইয়ের বান্দ্রায় আমির খানের নিজ বাসভবনেই সম্পন্ন হচ্ছে বিয়ের আনুষ্ঠানিকতা।
জানা গেছে, প্রায় ২৫ বছর ধরে একে অপরকে চেনেন আমির ও গৌরী। তবে মাত্র দুই বছর আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রথমবারের মতো গৌরীর সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ করেছিলেন আমির।
আমিরের পারিবারিক সূত্র জানিয়েছে, বিয়ের অনুষ্ঠানটি অত্যন্ত সংক্ষিপ্ত ও পারিবারিক পরিবেশে আয়োজন করা হয়েছে। এতে আমন্ত্রিত অতিথির সংখ্যা মাত্র ১৫০ জন। বিয়েতে অংশ নিতে আমিরের কয়েকজন আত্মীয় বিদেশ থেকে মুম্বাইয়ে এসেছেন।
বাবার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমির খানের তিন সন্তান-জুনায়েদ খান, ইরা খান ও আজাদ রাও খান। এছাড়া অনুষ্ঠানে যোগ দেবে গৌরীর আগের সংসারের ছয় বছর বয়সী ছেলেও, যাকে সাধারণত প্রচারের আলো থেকে দূরে রাখা হয়।
এটি আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে ১৯৮৬ সালে তিনি রীনা দত্তকে বিয়ে করেন। এই দম্পতির সংসারে জুনায়েদ ও ইরা নামে দুই সন্তান রয়েছে। দীর্ঘ ১৬ বছরের দাম্পত্য জীবনের পর ২০০২ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।
পরবর্তীতে ২০০৫ সালে আমির বিয়ে করেন কিরণ রাওকে। ২০২১ সালে তাদেরও বিবাহবিচ্ছেদ ঘটে। তবে সারোগেসির মাধ্যমে জন্ম নেওয়া সন্তান আজাদের সহ-অভিভাবক হিসেবে তারা এখনো যৌথভাবে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে, আমিরের হবু স্ত্রী গৌরী স্প্র্যাটের আদি বাড়ি ব্যাঙ্গালুরুতে। তার জীবনের বড় একটি সময় সেখানেই কেটেছে। তিনি লন্ডনের ইউনিভার্সিটি অব দ্য আর্টস থেকে ফ্যাশন, স্টাইলিং ও ফটোগ্রাফির ওপর পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি মুম্বাইয়ে ‘বিব্লান্ট’ নামের একটি সেলুন পরিচালনা করছেন।
সময়ের আলো/আরবিএন