অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের তামিলনাড়ু রাজ্যে আটক ৫০ বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠানো হয়েছে।
রোববার (৫ জুলাই) রাত ৯টার সময় বেনাপোল-পেট্রাপোল শূন্যরেখায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদেরকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। এ সময় উভয় দেশের ইমিগ্রেশন পুলিশ, সংশ্লিষ্ট মানবাধিকার সংস্থা ও বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভারতের প্রশাসনিক ও সীমান্ত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তামিলনাড়ুর বিভিন্ন এলাকা থেকে আটক এই বাংলাদেশি নাগরিকদের সালেম জেলার আট্টুর মহকুমা কমপ্লেক্সের একটি বিশেষ শিবিরে রাখা হয়েছিল। নাগরিকত্ব যাচাই ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের প্রত্যাবাসনের নির্দেশ জারি করা হয়।
গত ৩ জুলাই কড়া নিরাপত্তার মধ্যে তিনটি বিশেষ পুলিশ ভ্যানে করে তাদের তিরুচিরাপল্লি রেলস্টেশনে নেওয়া হয়। সেখান থেকে হাওড়াগামী ট্রেনে তাদের পশ্চিমবঙ্গে আনা হয়। পরে পেট্রাপোল সীমান্তে বিএসএফের কাছে হস্তান্তরের পর দুই দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
বেনাপোল চেকপোস্ট সংশ্লিষ্ট সূত্র জানায়, তালিকা অনুযায়ী প্রত্যাবাসন হওয়া ৫০ জনের মধ্যে ৪৪ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন। তাদের বেশিরভাগই যশোর, সাতক্ষীরা, খুলনা ও নড়াইলসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। প্রত্যেকের নামে পৃথক ট্রাভেল পারমিট ইস্যু করেছে ভারতীয় কর্তৃপক্ষ। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাগরিকত্ব যাচাই-সংক্রান্ত অনুমোদনের ভিত্তিতেই এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান জানান, ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের পর বাংলাদেশি সংস্থাগুলো তাদের পরিচয় ও ঠিকানা পুনরায় যাচাই করছে। আইনি প্রক্রিয়া শেষে নিজ নিজ পরিবারের কাছে পাঠানোর জন্য বেনাপোল পোর্ট থানা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, ইমিগ্রেশন পুলিশের আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে তাদেরকে থানায় নিয়ে আসা হবে। পরে স্থানীয় এনজিও সংস্থাগুলো তাদের গ্রহণ করে পরিবারের কাছে পৌঁছে দেবে।
এনজিও সংস্থা যশোর 'জাস্টিস অ্যান্ড কেয়ার'-এর ভলান্টিয়ার শফিকুল ইসলাম জানান, দেশে ফেরত আসা ব্যক্তিরা বিভিন্ন সময়ে দালালের প্রলোভনে পড়ে ভালো কাজের আশায় ভারতে গিয়েছিলেন। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পুলিশের হাতে আটক হয়ে তারা ২ থেকে ৫ বছর পর্যন্ত সাজাভোগ করেন। সাজা শেষে ট্রাভেল পারমিটে আজ (রোববার) তারা দেশে ফিরেছেন।
থানা ও ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসাদের মধ্যে ২৫ জনকে 'জাস্টিস অ্যান্ড কেয়ার' এবং বাকি ২৫ জনকে 'রাইটস যশোর' নামের দুটি এনজিও সংস্থা গ্রহণ করবে এবং পরবর্তীতে তাদের নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেবে।
সময়ের আলো/আআ