শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ডিসেম্বরেই শিক্ষার্থীদের হাতে নতুন বছরের পাঠ্যবই তুলে দেওয়া হবে।
সোমবার (৬ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনাসংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, নতুন বছরের শুরুতেই যেন পাঠ্যপুস্তক যথাসময়ে শিক্ষার্থীদের হাতে যায়। আমরা আশা করছি যে, ডিসেম্বরের যে ফাইনাল পরীক্ষা হবে, তখনই তাদের হাতে আমরা বইগুলো পৌঁছে দেব। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ, ৩০ নভেম্বরের মধ্যেই আমাদের রেডি থাকতে হবে নতুন পাঠ্যপুস্তক নিয়ে।
মন্ত্রী বলেন, পাঠ্যবই ছাপার দরপত্রপ্রক্রিয়া চলছে। আমরা ওয়ার্ক অর্ডার ফার্স্ট উইক অব আগস্টের ভেতরে সব দিয়ে দেব। এরপর তারা (প্রকাশকেরা) ছাপার কাজ শুরু করবে। আর এ বিষয়ে যা তদারকি করার দরকার রয়েছে, তা আমাদের মন্ত্রণালয়ের টিম রয়েছে, এনসিটিবি রয়েছে এবং আমরা সম্পূর্ণ প্রস্তুত আগামী দিনে সুন্দরভাবে বই দেওয়ার জন্য।
এসময় আগামী বছরের পাঠ্যবইয়ে শিক্ষাক্রমে কিছুটা পরিমার্জন আসছে বলেও জানান শিক্ষামন্ত্রী।
সময়ের আলো/ইউএমএইচ