খুলনা-সাতক্ষীরা মহাসড়কের হরিণটানা এলাকায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩টার দিকে নগরীর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন— খুলনার পাইকগাছা উপজেলার শেখপাড়া এলাকার মো. শেখ দিদারুল হক (৩০) এবং একই উপজেলার হরিদাস কাঠি এলাকার তাপস হোর (৬০)। দিদারুল হক দুর্ঘটনাকবলিত ইজিবাইকটির চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে বৃষ্টির সময় খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি দ্রুতগামী ট্রাক পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এসে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি যাত্রীবাহী ইজিবাইকের সাথে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কার তীব্রতায় ট্রাকটি সড়কের ওপর উল্টে যায় এবং ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই দিদারুল ও তাপস হোর প্রাণ হারান। খবর পেয়ে হরিণটানা ও লবণচরা থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করেন। আহত দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সময়ের আলো/কহু