প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৮:৪৩ পিএম

গ্রেফতার মহসিন খন্দকার। ছবি : সংগৃহীত
গ্রেফতার মহসিন খন্দকার। ছবি : সংগৃহীতনাশকতার মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মহসিন খন্দকারকে (৪৫) গ্রেফতার করেছে এসআরবি।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
একই দিন সন্ধ্যায় এসআরবির আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার মহসিন খন্দকার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে আইনের আওতায় আনা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, সদর থানা পুলিশের দেওয়া তথ্য-উপাত্তের ভিত্তিতে ঢাকায় এসআরবি-১০-এর একটি আভিযানিক দল শনিবার দুপুরে মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে মহসিন খন্দকারকে গ্রেফতার করে। পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া থেকে পুলিশের একটি দল ঢাকায় পাঠানো হয়। রোববার ভোর ৫টায় তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় নিয়ে আসা হয়।
ওসি আরও জানান, মহসিন খন্দকারের বিরুদ্ধে থানায় একাধিক নাশকতার মামলা ছাড়াও একটি সাজা পরোয়ানা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সময়ের আলো/এনএন