মাদক অভিযানে কৃষি কর্মকর্তাসহ গ্রেফতার ১০

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী অভিযানে উপ-সহকারী কৃষি কর্মকর্তা, নারী ও কম্পিউটার দোকানদারসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ২০ কেজি

2026-11-29T20:29:57+00:00
2026-11-29T20:29:57+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
মাদক অভিযানে কৃষি কর্মকর্তাসহ গ্রেফতার ১০
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৮:২৯ পিএম 
গ্রেফতার ব্যক্তিরা। ছবি : সংগৃহীত
গ্রেফতার ব্যক্তিরা। ছবি : সংগৃহীত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী অভিযানে উপ-সহকারী কৃষি কর্মকর্তা, নারী ও কম্পিউটার দোকানদারসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ২০ কেজি গাঁজা, ১২ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২ লাখ টাকা ও একটি মুঠোফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় ১১ জনকে আসামি করে মামলা হয়েছে। মামলার এক আসামি পলাতক রয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার দেওয়ানের খামার এলাকায় একরামুল হকের বাড়ির পশ্চিম পাশে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে রয়েছেন চর ভূরুঙ্গামারী ইউনিয়নের বহুলগুড়িতে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা লোহানী শাহনেওয়াজ (৪২)। তিনি রংপুরের বদরগঞ্জ উপজেলার বালুভাট্টা গ্রামের লোহানী ওয়াহিদুল হকের ছেলে। এ ছাড়া ভূরুঙ্গামারী উপজেলা পূর্ব গেট এলাকার কম্পিউটার দোকানদার কফিলুর রহমান (৩৪) গ্রেফতার হয়েছেন। তিনি উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের বড় খাটামারী গ্রামের হাফেজুর রহমানের ছেলে।

পুলিশের এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই ভাড়া বাসায় মাদকদ্রব্য কেনাবেচার খবর পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মামলার ২ নম্বর আসামি মো. গোলাম রব্বানী তার কাছে থাকা গাঁজার একটি পোটলা ফেলে পালিয়ে যান। পরে অন্য আসামিদের আটক করে বাসায় তল্লাশি চালানো হলে বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

এ ঘটনায় ভূরুঙ্গামারী থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। মামলায় ১১ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে গ্রেফতার ১০ জন হলেন- রুমা খাতুন (৩৬), রোকনুজ্জামান (২৬), কফিলুর রহমান (৩৪), সুজন মিয়া (২৬), লোহানী শাহনেওয়াজ (৪২), বেলাল হোসেন (৩৭), জাহাঙ্গীর আলম (৩২), আরিফুল ইসলাম (৩৮), সাইফুর রহমান (৩৫) ও গোলাম রব্বানী (২৯)। এ ছাড়া গোলাম রব্বানী (৩৭) নামে অপর এক আসামি পলাতক রয়েছেন।


এজাহার অনুযায়ী, উদ্ধার করা ২০ কেজি গাঁজার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা এবং ১২ পিস ইয়াবা ট্যাবলেটের মূল্য ৩ হাজার ৬০০ টাকা। এ ছাড়া নগদ ২ লাখ টাকা ও OPPO A38 মডেলের একটি মুঠোফোন জব্দ করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক বলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাদককাণ্ডে গ্রেফতার হয়েছেন, বিষয়টি জেনেছি। আমি ঢাকায় ছুটিতে আছি। আগামীকাল অফিসে গিয়ে নীতিমালা অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে, যাতে বিভাগীয় ব্যবস্থা নেওয়া যায়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাইদ জানান, গ্রেফতার ব্যক্তিদের কুড়িগ্রাম জেলা জজ আদালতে পাঠানো হয়েছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   মাদক অভিযান  কৃষি কর্মকর্তা  গ্রেফতার  কুড়িগ্রাম  ভূরুঙ্গামারী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: