
নগদ টাকার প্রয়োজনে জাহিদকে হত্যা করে অটোরিকশা ছিনতাই
নগদ টাকার প্রয়োজনে জাহিদকে হত্যা করে অটোরিকশা ছিনতাইগাজীপুরের শ্রীপুরে অটোরিকশা চালক জাহিদ রহমানকে অপরহণের পর গজারী বনে নিয়ে হাত-পা বেঁধে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতারের কথা জানিয়েছে গাজীপুর পিবিআই। পিবিআই বলছে, নগদ টাকার প্রয়োজনে জাহিদকে অপরহণের পর হত্যা পরিকল্পনা আঁটেন তার পূর্ব পরিচিতরা।
রোববার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় গাজীপুর জেলা পিবিআিই’র পুলিশ সুপার মো. রকিবুল আক্তার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। এ সময় গ্রেফতার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইকৃত অটোরিকশার খণ্ডিত অংশবিশেষ ও অটোরিকশা বিক্রির ৩৮ হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেফতার পাঁচজনের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার ভাটিচন্নাপাড়া গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে ইন্তাজ আলী ইন্তা (২৫), গাজীপুরের শ্রীপুর থানার ভামনগাঁও গ্রামের মো. আজাহারের ছেলে মো. হাবিবুল্লাহ (২৭), একই থানার কাজীপাড়া খাদ্য গুদাম এলাকার বাসিন্দা শাহাবুদ্দিনের ছেলে মো. আলমগীর হোসেন আলম (৩৪), কাপাসিয়ার নলীপলাম গ্রামের মৃত সফর উদ্দিন ফকিরের ছেলে মো. জাহাঙ্গীর ফকির (৪২) ও জেলার কালীগঞ্জ থানার জাঙ্গালিয়া বড়াইয়া পূর্বপাড়া গ্রামের মো. আমান উল্লাহ শেখের ছেলে ইব্রাহিম খলিলুল্লাহ খলিল (৪০)।
পুলিশ সুপার জানান, গত বুধবার সন্ধ্যার পর অটোরিকশা চালক জাহিদ রহমান তার অটোরিকশা নিয়ে গাজীপুরের কাপাসিয়া থানাধীন কেওয়া ঘাট থেকে যাত্রীসহ লতিফপুর-গোসিংগার দিকে রওনা হয়ে রাতে আর বাড়িতে ফিরে আসেনি। পরদিন বৃহস্পতিবার সকালে শ্রীপুরের সাভারচালা পশ্চিমপাড়ায় বন বিভাগের গজারী বনের জঙ্গল থেকে হাত-পা, মুখ ও গলায় রশি দিয়ে বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বাবা শ্রীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পিবিআইকে তদন্ত করে। তদন্তের এক পর্যায়ে তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার গাজীপুরের শ্রীপুর, কাপাসিয়া ও কালীগঞ্জ থানা এলাকা থেকে ঘটনার সাথে জড়িত ইন্তাজ আলী ইন্তা, মো. হাবিবুল্লাহ্, মো. আলমগীর হোসেন আলম, মো. জাহাঙ্গীর ফকির ও ইব্রাহিম খলিলুল্লাহ্ খলিলকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইকৃত অটোরিকশা বিক্রির ৩৮ হাজার ৫০০ টাকা ও খণ্ডিত অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।
হত্যার কারণ সম্পর্কে পুলিশ সুপার জানান, নিহত অটোরিকশা চালক জাহিদ রহমান ও আসামি ইন্তাজ পূর্বপরিচিত ছিলেন। নগদ টাকার প্রয়োজন হলে আসামি ইন্তাজসহ সহযোগী আসামিরা ভিকটিমকে হত্যা করে তার অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করে।
তাদের পরিকল্পনা অনুযায়ী, গত ২৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় আসামি ইন্তাজ আলী গজারি বন থেকে লাকড়ি আনার কথা বলে নিহত জাহিদকে অটোরিকশাসহ ডাকবাংলোর মোড়ে আসতে বলে। আসামি হাবিবুল্লাহ দড়ি কিনে রাখে। পরে ইন্তাজ ও হাবিবুল্লাহ জাহিদের অটোরিকশায় উঠে তাকে গজারি বনে নিয়ে যায়। সেখানে দড়ি দিয়ে হাত-পা বেঁধে ও গলায় ফাঁস দিয়ে হত্যা করে মরদেহ ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে তারা অটোরিকশাটি বিক্রির জন্য আসামি আলমের সঙ্গে যোগাযোগ করে। আলম, জাহাঙ্গীর ও খলিলের সহায়তায় অটোরিকশাটি বিক্রি করে টাকা ভাগাভাগি করে নেয়। পিবিআইয়ের জেলার তিনটি থানায় ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে গত ২৭ নভেম্বর পাঁচ আসামিকে গ্রেফতার এবং অটোরিকশার খণ্ডিত অংশবিশেষ ও নগদ টাকা উদ্ধার করে।
পিবিআই গাজীপুর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার জনাব মো. রকিবুল আক্তার পিপিএম-সেবা বলেন, একজন নিরীহ অটোরিকশা চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাইয়ের ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও স্পর্শকাতর। নিহত জাহিদ পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি, এমন মৃত্যু পরিবারটিকে একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। অপরাধীরা ভেবেছিল, নির্জন স্থানে ক্লুলেস অপরাধ ঘটিয়ে পার পেয়ে যাবে। কিন্তু পিবিআই-এর পেশাদারিত্ব ও গোয়েন্দা তথ্যের দক্ষ ব্যবহারের মাধ্যমে আমরা ২৪ ঘণ্টার মধ্যেই এই চাঞ্চল্যকর ঘটনার মূল আসামিদের গ্রেফতার ও আলামত উদ্ধার করতে পেরেছি। এছাড়া হত্যাকাণ্ডের ঘটনায় অন্য কারোর সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা তদন্তে খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে আমরা আদালতে দ্রুততম সময়ে নিখুঁত চার্জশিট দাখিল করব।
সময়ের আলো/এনএন