বিশ্বকাপের শিরোপা ধরে রাখার অভিযানে আজ রাতে মাঠে নামছে আর্জেন্টিনা। শেষ ১৬-এর ম্যাচে ল্যাটিন আমেরিকার দলটির প্রতিপক্ষ আফ্রিকার পরাশক্তি মিসর। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। নকআউট পর্বের এই বাঁচা-মরার লড়াইয়ের আগে বিশ্বচ্যাম্পিয়নদের স্পষ্ট হুশিয়ারি দিয়ে রেখেছেন মিসরের প্রধান কোচ হোসাম হাসান। সাফ জানিয়ে দিয়েছেন, আর্জেন্টিনাকে সম্মান করলেও তার দল কোনোভাবেই বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের ভয় পায় না।
সোমবার প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে মিসরের সাবেক এই কিংবদন্তি স্ট্রাইকার বলেন, আর্জেন্টিনা দুর্দান্ত দল এবং তারাই বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন। তবে ফুটবলে কোনো কিছুই অসম্ভব নয়। আমরা আর্জেন্টিনাকে সম্মান করি, কিন্তু তাদের ভয় পাই না। আমি জানি তাদের দলে লিওনেল মেসির মতো একজন কিংবদন্তি আছেন। তবে প্রতিপক্ষের নাম কী বা তারা বিশ্বচ্যাম্পিয়ন কি না— সেসব নিয়ে আমরা ভাবছি না। আমরা আমাদের নিজস্ব স্বাভাবিক খেলাটাই খেলব।
কোচ হোসাম হাসানের এই হুঙ্কারের প্রতিফলন দেখা গেছে মিসরের আজ ঘোষিত শুরুর একাদশেও। আক্রমণভাগকে আরও শক্তিশালী করতে আজ ম্যানচেস্টার সিটির তারকা ওমর মারমুশের পরিবর্তে উইঙ্গার হাইসেম হাসানকে শুরুর একাদশে নামিয়েছেন কোচ। এছাড়া এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঝমাঠে ফিরেছেন অভিজ্ঞ মিডফিল্ডার মোহানদ লাশিন।
গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে নিজেদের বিশ্বকাপ ইতিহাসের প্রথম জয়ের দেখা পায় ৭ বারের আফ্রিকান চ্যাম্পিয়নরা। এরপর গ্রুপ ‘জি’ থেকে ৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে শেষ ৩২-এ পৌঁছায় তারা। সেখানে অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে দেশের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়ে ইতিমধ্যেই নতুন রূপকথা লিখেছে ফারাওরা।
আজকের ম্যাচটি মিসরীয় ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষা। ম্যাচ শুরুর আগে ইতিমধ্যেই মিসরের কায়রোসহ বিভিন্ন শহরের ক্যাফে, ফ্যান জোন ও পাবলিক ভেন্যুগুলোতে জড়ো হতে শুরু করেছেন হাজারো ফুটবলপ্রেমী। আলবিসেলেস্তেদের রুখে দিয়ে আরেকটি রূপকথার জন্ম দিতে তৈরি হচ্ছে সালাহ-হাসানরা।
মিসরের শুরুর একাদশ: মোস্তফা শুবির (গোলরক্ষক), ইয়াসের ইব্রাহিম, মোহাম্মদ হানি, রামি রাবিয়া, করিম হাফেজ, ইমাম আশুর, মোস্তফা জিকো, মোহানদ লাশিন, মারওয়ান আতিয়া, মোহাম্মদ সালাহ এবং হাইসেম হাসান।
আর্জেন্টিনার শুরুর একাদশ: এমিলিয়ানো মার্তিনেস (গোলরক্ষক), নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দে পল, লিয়ান্দ্রো পারেদেস, এনসো ফার্নান্দেস, আলেক্সিস মাক আলিস্তার, লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেস।
সময়ের আলো/কহু