লক্ষ্মীপুরের রামগতিতে পুকুরের পানিতে ডুবে তিন বছর বয়সি দুই চাচাতো ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) বিকেলে উপজেলার ৭ নম্বর চররমিজ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খন্দকারপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিশুরা হলো— খন্দকারপাড়ার টাইলস মিস্ত্রি মো. মনজুরের ছেলে মুজাহিদুল ইসলাম (৩) এবং একই এলাকার প্রবাসী মো. রিয়াজের মেয়ে মায়েশা আক্তার (৩)। সম্পর্কে তারা আপন চাচাতো ভাই-বোন। একই সাথে দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে বাড়ির পাশে অন্যান্য দিনের মতোই একসঙ্গেই খেলাধুলা করছিল দুই শিশু। খেলার ছলে একপর্যায়ে মুজাহিদ অসাবধানতাবশত বাড়ির পাশের একটি গভীর পুকুরে পড়ে যায়। তা দেখে তাকে উদ্ধার করতে গিয়ে বা অবুঝ মনে পাশে থাকা ছোট বোন মায়েশাও পানিতে নেমে যায় এবং মুহূর্তের মধ্যে দুজনই তলিয়ে যায়।
বেশ কিছু সময় বাড়ির আঙিনায় তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে দুজনকে ভেসে থাকতে দেখে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদের দ্রুত রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. মাসুদ জাহান জানান, পানিতে ডুবে যাওয়া শিশু দুটিকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল। হাসপাতালে পৌঁছানোর পর আমরা তাদের মৃত অবস্থায় পাই।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে।
এদিকে একই পরিবারের দুটি ফুটফুটে শিশুর এমন অকাল ও মর্মান্তিক মৃত্যুতে পুরো খন্দকারপাড়া এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। সন্তানহারা মা-বাবা ও স্বজনদের বুকফাটা কান্না আর আহাজারিতে চারপাশ ভারী হয়ে উঠেছে।
সময়ের আলো/জেডি