থানা থেকে মাত্র ২ কিমি দূরে প্রবাসীর বাড়িতে ডাকাতি

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার চান্দিনা পৌর সদরে কলাপসিবল গেটের তালা ভেঙে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি

2026-07-09T20:56:10+00:00
2026-07-09T20:56:10+00:00
 
  বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬,
২৫ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
সারাদেশ
থানা থেকে মাত্র ২ কিমি দূরে প্রবাসীর বাড়িতে ডাকাতি
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৮:৫৬ পিএম 
অস্ত্রের মুখে অন্তত ২০ লাখ টাকার মালামাল লুট। ছবি
কুমিল্লার চান্দিনা পৌর সদরে কলাপসিবল গেটের তালা ভেঙে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ অন্তত ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা।

বুধবার (৮ জুলাই) রাত আনুমানিক ২টার দিকে চান্দিনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হারং দক্ষিণপাড়া এলাকায় প্রবাসী পিয়াস ও কামরুল হাসানের বাড়িতে এ ঘটনা ঘটে। একই রাতে চান্দিনা-রামমোহন সড়কের হারং উদালিয়া এলাকায় গাছ ফেলে ডাকাতির চেষ্টারও অভিযোগ উঠেছে।

গৃহকর্তা ছফিউল্লাহ জানান, তার দুই ছেলে প্রবাসে থাকেন। ঘটনার সময় বাড়িতে তিনি, তার স্ত্রী ও পুত্রবধূসহ চারজন ছিলেন। রাত আনুমানিক ২টার দিকে দরজার শব্দে ঘুম ভাঙার পর তিনি দেখেন, মুখোশ পরা ৬ থেকে ৭ জন অস্ত্রধারী ডাকাত ঘরে ঢুকে পড়েছে।


তিনি বলেন, ডাকাতরা পরিবারের সদস্যদের বেঁধে ফেলে ঘরের স্টিলের আলমারি ও ওয়ারড্রোব ভেঙে নগদ ১ লাখ টাকা, ৮ ভরি স্বর্ণালঙ্কার এবং মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। রাত আনুমানিক ৩টার দিকে ডাকাতরা চলে গেলে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।

ছফিউল্লাহর অভিযোগ, থানা থেকে মাত্র ২ কিলোমিটার দূরে তার বাড়ি হলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ভোর সাড়ে ৪টার দিকে।

চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, রাত সোয়া ৪টার দিকে তিনি থানার মাধ্যমে খবর পান। এরপর ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছান। তিনি ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গৃহকর্তাকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুজ্জামান বলেন, ডাকাতির বিষয়টি তিনি শুনেছেন এবং এ ঘটনায় পুলিশের কার্যক্রম চলমান রয়েছে। তবে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টার বিষয়ে তার জানা নেই।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   কুমিল্লা  চান্দিনা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: