গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর মো. মাজেদুর রহমান ভাঙা কাঁচা সড়কে আটকে থাকা একটি মালবোঝাই ভ্যান ঠেলে সহায়তা করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া ১৭ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, কাদাময় ও ভাঙাচোরা সড়কে আটকে থাকা একটি প্যাডেলচালিত মালবোঝাই ভ্যান ঠেলে চালককে সহযোগিতা করছেন এমপি মাজেদুর রহমান। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মীকেও ভ্যান ঠেলতে দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় রামজীবন ইউনিয়নের কইকাশদহ গ্রামে ঘটনাটি ঘটে। পথিমধ্যে ভ্যানটি আটকে থাকতে দেখে তিনি মোটরসাইকেল থেকে নেমে চালককে সহযোগিতা করেন।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে একজন জনপ্রতিনিধির মানবিক আচরণ হিসেবে প্রশংসা করেছেন, আবার কেউ সাময়িক সহায়তার পরিবর্তে ভাঙা সড়কের স্থায়ী উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন।
হাসান মাহমুদ নামে এক ফেসবুক ব্যবহারকারী লেখেন, ‘স্যার, আপনার কাজে মুগ্ধ আমরা সাধারণ মানুষ। আপনার মতো একজন সাদামাটা জনপ্রতিনিধিই আমাদের প্রত্যাশা।’
ফরহাদ নামে আরেকজন মন্তব্য করেন, ‘ভালো কাজ। তবে রাস্তাগুলো ভালো করে দিতে পারলে মানুষ দীর্ঘমেয়াদে উপকৃত হবে।’
আলমগীর নামে এক নেটিজেন লেখেন, ‘মাশাআল্লাহ। সুন্দরগঞ্জে এমন এমপি বারবার দেখতে চাই। আল্লাহ তাকে নেক হায়াত দান করুন।’
অন্যদিকে তারিকুল ইসলাম নামে একজন মন্তব্য করেন, ‘এসব প্রতীকী উদ্যোগের পাশাপাশি উন্নয়নমূলক কাজই মানুষের দীর্ঘমেয়াদি উপকারে আসবে।’
এ বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য মো. মাজেদুর রহমান বলেন, ‘সেদিন ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বের হয়েছিলাম। আমার সঙ্গে দলের নেতাকর্মীরাও ছিলেন। রামজীবন ইউনিয়নের কইকাশদহ গ্রামে গিয়ে দেখি একটি মালবোঝাই প্যাডেলচালিত ভ্যান ভাঙা কাঁচা সড়কে আটকে আছে। চালক একা সেটি তুলতে পারছিলেন না। মানবিক দায়িত্ববোধ থেকেই ভ্যানটি ঠেলে সহযোগিতা করেছি। এর বেশি কিছু নয়।’
সময়ের আলো/আরবিএন