পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নে করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া কিশোর বকুল ইসলামের (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) সকালে নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর দুর্ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার ভাটিতে তার মরদেহ পাওয়া যায়। নিহত বকুল ইসলাম উপজেলার ৬ নম্বর সাতমেরা ইউনিয়নের বকশীগঞ্জ এলাকার বাসিন্দা।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে বকশীগঞ্জ এলাকায় করতোয়া নদীতে মাছ ধরার জন্য নামার সময় পানির তীব্র স্রোতে তলিয়ে যায় বকুল। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা খোঁজাখুঁজি করে ব্যর্থ হলে পঞ্চগড় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে রংপুর থেকে ফায়ার সার্ভিসের একটি বিশেষ ডুবুরি দল এসে উদ্ধার অভিযানে অংশ নেয়। তবে নদীতে তীব্র স্রোত ও আলোর স্বল্পতার কারণে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম দিনের অভিযান স্থগিত করা হয়।
শুক্রবার সকালে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় প্রায় ৫০ জন বাসিন্দা নদীতে দ্বিতীয় দফায় উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ অনুসন্ধানের পর নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে নদীর ভাটি অংশ থেকে বকুলের মরদেহ উদ্ধার করা হয়।
৬ নম্বর সাতমেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি জানান, স্থানীয়দের ব্যাপক প্রচেষ্টায় নিখোঁজের একদিন পর বকুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সময়ের আলো/জোই