বিশ্বকাপ যত নকআউট পর্বে এগোয়, ততই ফুটবল দলগত খেলা থেকে অনেক সময় রূপ নেয় ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের মঞ্চে। ট্রফির স্বপ্ন তখন নির্ভর করে একজন খেলোয়াড়ের এক মুহূর্তের জাদুতে। ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ও নরওয়ের লড়াইটাও ঠিক তেমনই। একদিকে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন, অন্যদিকে নরওয়ের গোলমেশিন আর্লিং হালান্ড। দুই স্ট্রাইকারই নিজেদের দলের প্রাণভোমরা, দুজনই রয়েছেন গোল্ডেন বুটের দৌড়ে। তাই এই মহারণে সেমিফাইনালের টিকেটের পাশাপাশি লড়াই হবে ব্যক্তিগত শ্রেষ্ঠত্বেরও।
হ্যারি কেইনের গল্পটা ধৈর্য, সংগ্রাম আর আত্মবিশ্বাসের। টটেনহ্যামের একাডেমিতে বেড়ে ওঠা এই স্ট্রাইকারকে ক্যারিয়ারের শুরুতে কয়েকবার ধারে খেলতে পাঠানো হয়েছিল। ২০২৩ সালে টটেনহ্যামের সঙ্গে ১৯ বছরের সম্পর্ক ছিন্ন করে, জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে গিয়ে নিজের জাত চিনিয়েছেন। বিশ্বকাপের মঞ্চেও তার অভিজ্ঞতা অনন্য। ২০১৮ সালে গোল্ডেন বুটজয়ী এই স্ট্রাইকার জানেন বড় আসরে কীভাবে নিজেকে উজাড় করে দিতে হয়। এবারের বিশ্বকাপেও তিনি সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন।
গ্রুপ পর্ব থেকে শুরু করে নকআউট। সব জায়গাতেই ছিলেন ইংল্যান্ডের সবচেয়ে বড় ভরসা। মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোতে তার ঠান্ডা মাথার পেনাল্টি দলকে কোয়ার্টার ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখে। এখন পর্যন্ত এই বিশ্বকাপে তার গোলসংখ্যা ছয়।
ফলে গোল্ডেন বুটের লড়াইয়েও তিনি অন্যতম প্রধান দাবিদার। বক্সের ভেতরে নিখুঁত অবস্থান, দুর্দান্ত হেড, দূরপাল্লার শট এবং চাপের মুহূর্তে অসাধারণ মানসিক দৃঢ়তা তাকে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকারে পরিণত করেছে।
অন্যদিকে আর্লিং হালান্ড যেন আধুনিক ফুটবলের বিস্ময়। বাবা আলফ ইঙ্গে হালান্ড ছিলেন পেশাদার ফুটবলার, তাই ফুটবল যেন তার রক্তেই মিশে আছে। নরওয়ের ছোট্ট ক্লাব ব্রিন থেকে শুরু করে রেড বুল সালজবুর্গ, বরুসিয়া ডর্টমুন্ড হয়ে ইউরোপের সর্বোচ্চ পর্যায়ে নিজের সামর্থ্যরে প্রমাণ দিয়েছেন তিনি। খুব অল্প সময়েই গোল করার অসাধারণ ক্ষমতায় নিজেকে বিশ্বের সবচেয়ে ভয়ংকর স্ট্রাইকারদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
এই বিশ্বকাপে সেই ভয়ংকর রূপই আরও স্পষ্ট হয়েছে। গ্রুপ পর্ব থেকে নকআউট- প্রতিটি ধাপেই গোল করে নরওয়েকে ইতিহাস গড়ার পথে এগিয়ে নিয়েছেন তিনি। বিশেষ করে ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক জয়ে তার উপস্থিতি ছিল সবচেয়ে বড় পার্থক্য। এখন পর্যন্ত বিশ্বকাপে তার গোল সাতটি, যা গোল্ডেন বুটের দৌড়ে তাকে সবার সামনে রেখেছে।
ছয় ফুটের বেশি উচ্চতা, দুর্দান্ত গতি, অসাধারণ শারীরিক শক্তি এবং ক্ষিপ্র ফিনিশিং- সব মিলিয়ে তিনি প্রতিপক্ষের জন্য এক দুঃস্বপ্ন। ডান পা, বাঁ পা কিংবা হেড, যেকোনো উপায়ে গোল করার সামর্থ্য তাকে অন্যদের থেকে আলাদা করেছে। বড় ম্যাচে চাপ নয়, বরং প্রতিপক্ষ যত শক্তিশালী হয়, হালান্ড যেন ততটাই ভয়ংকর হয়ে উঠেন।
এই কারণেই ইংল্যান্ড-নরওয়ে ম্যাচটি শুধু দুদলের লড়াই নয়, এটি গোল্ডেন বুটেরও এক গুরুত্বপূর্ণ অধ্যায়। হালান্ডের ঝুলিতে সাত গোল, কেইনের ছয়। কোয়ার্টার ফাইনালে যে এগিয়ে যাবেন, তার সামনে থাকবে আরও অন্তত একটি ম্যাচ খেলার সুযোগ। অর্থাৎ একটি গোলই বদলে দিতে পারে ব্যক্তিগত পুরস্কারের সমীকরণ।
তবে দুই স্ট্রাইকারের ফুটবল দর্শন একেবারেই ভিন্ন। কেইন একজন ‘কমপ্লিট ফরোয়ার্ড’। তিনি গোল করেন, আবার মাঝমাঠে নেমে আক্রমণও গড়ে দেন। বিপরীতে হালান্ড খাঁটি নাম্বার নাইন, তার কাজ প্রতিপক্ষের রক্ষণ ভেঙে জালে বল জড়ানো। একজন ম্যাচ নিয়ন্ত্রণ করেন বুদ্ধিমত্তা ও অভিজ্ঞতায়; অন্যজন গতি, শক্তি আর নির্মম ফিনিশিংয়ে।
তাই ইংল্যান্ড ও নরওয়ের কোয়ার্টার ফাইনাল লড়াই যতটা দুই দেশের, ঠিক ততটাই দুই মহাতারকারও। কেইনের অভিজ্ঞতা নাকি হালান্ডের বিস্ফোরক শক্তি। শেষ পর্যন্ত কোনটি হাসবে, সেটিই হয়তো নির্ধারণ করবে সেমিফাইনালের পথ। আর যে স্ট্রাইকার শেষ পর্যন্ত আলো ছড়াবেন, তিনিই শুধু দলকে শেষ চারে তুলবেন না, গোল্ডেন বুটের দৌড়েও নিজের অবস্থান আরও শক্ত করে নেবেন।
সময়ের আলো/প্রিন্ট/কেএইচও