বাংলাদেশের প্রতিবেশী দেশ মিয়ানমারে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার ভোরে ৪.১ মাত্রার এ ভূমিকম্পে দেশটির বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভারতীয় সময় রাত ১২টা ২০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৯০ কিলোমিটার গভীরে।
এর আগে শুক্রবার সন্ধ্যায়ও মিয়ানমারে ৪.৫ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। ওই কম্পনের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০০ কিলোমিটার গভীরে।
ভৌগোলিক অবস্থানের কারণে মিয়ানমার ভূমিকম্পপ্রবণ দেশগুলোর অন্যতম। দেশটি চারটি সক্রিয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। পাশাপাশি প্রায় ১ হাজার ৪০০ কিলোমিটার দীর্ঘ ট্রান্সফর্ম ফল্ট সাগাইং ফল্টের সঙ্গে যুক্ত থাকায় দেশটির ভূমিকম্পের ঝুঁকি আরও বেশি।
বিশেষজ্ঞদের মতে, এ ফল্টের কারণে সাগাইং, মান্দালয়, বাগো ও ইয়াঙ্গুনসহ ঘনবসতিপূর্ণ এলাকাগুলো বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। যদিও ইয়াঙ্গুন ফল্টলাইন থেকে তুলনামূলক দূরে অবস্থান করছে, তবুও জনঘনত্ব বেশি হওয়ায় শহরটি ঝুঁকিমুক্ত নয়। ১৯০৩ সালে ইয়াঙ্গুনে ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল।
সময়ের আলো/আরবিএন