ইংল্যান্ড সফরে দুঃস্বপ্নের সমাপ্তিও সুখকর হলো না ভারতের। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচেও বড় ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হয়েছে তারা। সাউদাম্পটনে ৫৬ রানের জয় তুলে নিয়ে সিরিজ ৪-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।
শনিবার (১১ জুলাই) সাউদাম্পটনে টস জিতে প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ২৫৭ রানের বিশাল সংগ্রহ গড়ে ইংল্যান্ড। দলের হয়ে বিধ্বংসী ইনিংস খেলেন জস বাটলার। তিনি ৬৪ বলে ১৩১ রান করেন। অধিনায়ক হ্যারি ব্রুক ৪৫ বলে ৯৫ রানে অপরাজিত থাকেন।
২৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ভারত। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২০১ রান তুলতে সক্ষম হয় সফরকারীরা। ইশান কিশান ৩৫ বলে ৫৬ এবং তিলক ভার্মা ২৫ বলে ৫৩ রান করলেও দলের হার এড়ানো যায়নি।
এই হারের মধ্য দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর টানা সাতটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে জয়হীন থাকল ভারত, যা এই সংস্করণে তাদের ইতিহাসে দীর্ঘতম জয়হীনতার রেকর্ড।
এছাড়া, সম্পন্ন হওয়া ম্যাচে টানা ছয়টি পরাজয়ও ভারতের টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম। উল্লেখ্য, ইংল্যান্ড সিরিজ শুরুর আগে আয়ারল্যান্ডের বিপক্ষেও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে হেরেছিল ভারত।
সময়ের আলো/এসএকে