সাভারের আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে রনি (২০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় তার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১২ জুলাই) বিকেল ৫টার দিকে আশুলিয়ার পাবনারটেক পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আহত রনি পাবনারটেক পশ্চিমপাড়ার ইমরানের বাড়ির নিচতলায় বসবাস করতেন। তিনি প্রায় আট বছর ধরে ওই বাড়ি ও একটি গরুর খামারের কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার সময় তিনি বাসায় একাই ছিলেন।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, রনি ককটেল তৈরির চেষ্টা করার সময় সেটি বিস্ফোরিত হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং তার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়।
বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে রনিকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আশুলিয়া থানার জামগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) রাশেদুজ্জামান বলেন, ‘ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।’
সময়ের আলো/এসএকে