রাজধানীতে টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে বিভিন্ন সড়কে তীব্র যানজটের আশঙ্কা থাকায় চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে পরীক্ষাকেন্দ্রের উদ্দেশে রওনা হওয়ার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার (১২ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের প্রতি এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্ষা মৌসুমের টানা বৃষ্টিতে রাজধানীর বেশ কয়েকটি নিচু এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর ফলে সকালে প্রধান সড়ক ও সংযোগ সড়কগুলোতে যানবাহনের গতি ধীর হয়ে যাচ্ছে এবং অনেক স্থানে দীর্ঘ যানজটের আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে পরীক্ষার্থীরা যাতে সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেন, সেজন্য স্বাভাবিক সময়ের তুলনায় বেশ আগে বাসা থেকে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে ট্রাফিক পুলিশ সদস্যরা সড়কে দায়িত্ব পালন করছেন। কোনো জরুরি পরিস্থিতিতে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যদের সহযোগিতা নেওয়ার জন্যও শিক্ষার্থীদের অনুরোধ করা হয়েছে।
এ বছর ঢাকা মহানগরের অসংখ্য কেন্দ্রে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বৃষ্টিজনিত অনাকাঙ্ক্ষিত বিলম্ব এড়াতে গণপরিবহন কিংবা ব্যক্তিগত যানবাহনে যাতায়াতকারীদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সময়ের আলো/আরবিএন