ভেনেজুয়েলায় গত ২৪ জুন আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৩৩৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ হাজার ৭৪০ জন। দেশটির জাতীয় পরিষদের সভাপতি জর্জ রদ্রিগেজ শনিবার (১১ জুলাই) এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে ৩১৫ জনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তবে ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে দেশটির প্রায় ১৭ হাজার মানুষ রাতারাতি গৃহহীন হয়ে পড়েছেন।
ভূমিকম্পে ভেনেজুয়েলার মোট ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে অথবা মারাত্মক কাঠামোগত ক্ষতির কারণে পুরোপুরি ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে আগামী সপ্তাহ থেকেই নতুন বাড়ি দেওয়া শুরু হবে।
ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ প্রথম দফায় ২০০টি নতুন বাড়ি বরাদ্দ দেবেন। তবে সরকারের প্রাথমিক হিসাব অনুযায়ী, সব ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য অন্তত ২৫ হাজার নতুন বাড়ি নির্মাণের প্রয়োজন হবে। এ জন্য ওসমা ও চুসপা এলাকায় জমি চিহ্নিত করা হয়েছে।
বিপর্যস্ত এলাকাগুলোতে উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে। কিছু অঞ্চলের পরিস্থিতি এখনো বেশ অনিশ্চিত। তবে সেখানে এখনো কোনো জীবিত মানুষ আটকে আছেন কি না, তা খুঁজে বের করতে উদ্ধারকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সময়ের আলো/জেডি