টানা ১২ দিনের প্রবল বর্ষণে লক্ষ্মীপুরের কমলনগরের ৮ নম্বর চর কাদিরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের 'ডাক্তার পাড়া' সড়কের একটি বড় অংশ ধসে পাশের পুকুর ও খালে পড়ে গেছে। এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন ওই এলাকার প্রায় ২০ হাজার মানুষ। যেকোনও মুহূর্তে সড়কটিতে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এই রাস্তাটি দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ হাজার হাজার সাধারণ মানুষ যাতায়াত করেন। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না করায়, সামান্য বৃষ্টিতেই এটি বিপজ্জনক হয়ে উঠত। চলমান বর্ষায় রাস্তার একাংশ ধসে পুকুরে বিলীন হয়ে যাওয়ায়, এখন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সবাইকে।
স্থানীয় বাসিন্দা আব্দুর সাত্তার বলেন, ‘অনেক চেয়ারম্যান আসে-যায়, কিন্তু আমাদের এই রাস্তার কাজ কেউ করে না। প্রায় ১২ দিনের বর্ষায় রাস্তা ভেঙে খালে পড়ে যাচ্ছে, অথচ কারও কোনো নজর নেই।’
আরেক বাসিন্দা ইউছুফ মাঝি বলেন, ‘হাজার হাজার মানুষ প্রতিদিন এই রাস্তা দিয়ে কষ্ট করে চলাচল করছে। আমরা এর স্থায়ী সমাধান চাই।’
যোগাযোগ করা হলে চর কাদিরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হারুন আর রশীদ বলেন, ‘আসলে দীর্ঘদিন ধরেই রাস্তাটির অবস্থা খারাপ। তবে, এবার টানা কয়েকদিনের বৃষ্টিতে রাস্তাটি মারাত্মকভাবে ভেঙে গেছে। আগামী প্রকল্পে এই রাস্তার কাজকে অগ্রাধিকার দেওয়া হবে।’
বিষয়টি নিয়ে কমলনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ কুমার বিশ্বাস আশ্বস্ত করে বলেন, ‘সামনে যত বরাদ্দ আসবে, তার মধ্যে সবার আগে এই জনগুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার করা হবে।’
সময়ের আলো/মহু