বান্দরবানে মাত্র ৫০০ টাকা পাওনা আদায়কে কেন্দ্র করে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে জেলা শহরের নিউগুলশান এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম উচনু মারমা (৪৫)। তিনি শহরের নিউগুলশান এলাকার বাসিন্দা থোয়াইনুচিং মারমার ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত পাওনাদার উচিংনু মারমা ওরফে সেলিম পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে অভিযুক্ত উচিংনু মারমা দেনাদার উচনু মারমার কাছে পাওনা ৫০০ টাকা ফেরত চান। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।
বিতণ্ডার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে পাওনাদার উচিংনু মারমা দেনাদার উচনু মারমাকে বেধড়ক মারধর শুরু করেন। উপর্যুপরি মারধরে গুরুতর আহত হয়ে উচনু মারমা ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ বলেন, মাত্র ৫০০ টাকা পাওনাকে কেন্দ্র করে উচনু মারমা নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর থেকেই অভিযুক্ত উচিংনু মারমা ওরফে সেলিম পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারেরে পুলিশের অভিযান চলছে।
পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে এবং এ বিষয়ে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
সময়ের আলো/জোই