মনপুরায় কৃষককে বিএনপি কার্যালয়ে নিয়ে মারধর ও মাথা ন্যাড়া করার অভিযোগ

মনপুরা (ভোলা) প্রতিনিধি

সারাদেশ

ভোলার মনপুরায় আলাউদ্দিন (৪০) নামের এক কৃষককে গ্রাম পুলিশ (চৌকিদার) দিয়ে দলীয় কার্যালয়ে তুলে নিয়ে বেধড়ক মারধর এবং মাথার চুল

2026-07-14T19:16:27+00:00
2026-07-14T19:16:27+00:00
 
  মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সারাদেশ
মনপুরায় কৃষককে বিএনপি কার্যালয়ে নিয়ে মারধর ও মাথা ন্যাড়া করার অভিযোগ
মনপুরা (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৭:১৬ পিএম 
মনপুরায় আলাউদ্দিন। ছবি : সময়ের আলো
ভোলার মনপুরায় আলাউদ্দিন (৪০) নামের এক কৃষককে গ্রাম পুলিশ (চৌকিদার) দিয়ে দলীয় কার্যালয়ে তুলে নিয়ে বেধড়ক মারধর এবং মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতা ও ইউপি সদস্যের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ২টায় মনপুরা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কৃষক কান্নাজড়িত কণ্ঠে এই নির্যাতনের বর্ণনা দেন।

এর আগে গত শনিবার (১১ জুলাই) সকালে উপজেলার ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকার বিএনপি কার্যালয়ে এই ঘটনা ঘটে। সম্প্রতি নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

অভিযুক্ত জাকির হোসেন দুলাল উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদের সদস্য এবং স্থানীয় বিএনপি নেতা। অন্যদিকে ভুক্তভোগী আলাউদ্দিন ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং পেশায় একজন সাধারণ কৃষক।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কান্নায় ভেঙে পড়ে কৃষক আলাউদ্দিন বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে অজুহাতে স্থানীয় ফরিদ ও কালাম আমার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছিল। পরে উপজেলা বিএনপির দুই শীর্ষ নেতার হস্তক্ষেপে জমির বিরোধটি মীমাংসা হয়। কিন্তু সেই ক্ষোভ থেকে শনিবার সকালে আমার বিরুদ্ধে মিথ্যা নারীঘটিত অভিযোগ তোলা হয়। এরপর ইউপি সদস্য জাকির হোসেন দুলাল গ্রাম পুলিশ পাঠিয়ে আমাকে জোরপূর্বক বাংলাবাজার বিএনপি কার্যালয়ে ধরে নিয়ে যান।

তিনি আরও অভিযোগ করেন, সেখানে নিয়ে আমাকে বেধড়ক মারধর করা হয় এবং জোর করে মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়া হয়। এখানেই শেষ নয়, এরপর আমাকে পুরো বাজারে ঘুরিয়ে চরম অপমান করা হয়। মারধরে আমি গুরুতর অসুস্থ হয়ে পড়লেও ভয়ে চিকিৎসা পর্যন্ত নিতে পারিনি। আমার ছেলে একজন পবিত্র কোরআনের হাফেজ, ওর সামনে এবং পরিবারের সামনে আমি মুখ দেখাতে পারছি না। লজ্জা আর অপমানে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই। আমি এই অমানুষিক নির্যাতনের বিচার চাই।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বিএনপি নেতা ও ইউপি সদস্য জাকির হোসেন দুলাল মারধর ও মাথা ন্যাড়া করার বিষয়টি অস্বীকার করে দাবি করেন, তার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে।

তবে এই ঘটনাকে ন্যক্কারজনক উল্লেখ করে মনপুরা উপজেলা বিএনপির সহসভাপতি ডা. কামাল উদ্দিন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর বলেন, দলীয় কার্যালয়ে এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। দল কখনোই এ ধরনের ব্যক্তিগত কোন্দল বা আইন হাতে তুলে নেওয়াকে সমর্থন করে না। আমরাও এই ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করছি।

মনপুরা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী রাহাত বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। একজন নাগরিককে এভাবে আটকে রেখে মারধর ও মাথা ন্যাড়া করা চরম নিন্দনীয় এবং সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। ভুক্তভোগী চাইলে আইনি প্রতিকার চেয়ে আদালতে মামলা করতে পারেন।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জেনেছি। এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি। ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই



  বিষয়:   মনপুরায়  কৃষক  বিএনপি  কার্যালয়  মারধর  মাথা ন্যাড়া  ভোলা  মনপুরা  সময়ের আলো  বরিশাল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: