বহুল প্রতীক্ষিত বলিউড সিনেমা ‘তুম্বাড় ২’-এ যুক্ত হলেন অভিনেত্রী আলিয়া ভাট। অতিপ্রাকৃতিক গল্পের সিক্যুয়েলে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমাটির প্রযোজক সোহম শাহ সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন।
ইনস্টাগ্রামে আলিয়া ভাটের সঙ্গে একটি ছবি প্রকাশ করে সোহম শাহ লিখেছেন, একটি নতুন অধ্যায়ের সূচনা। আলিয়া ভাটকে স্বাগত ‘তুম্বাড় ২’-এর জগতে। প্রলয় আসন্ন। দেখা হবে সিনেমা হলে।
‘তুম্বাড়’ মুক্তির পর থেকেই এর লোককথানির্ভর অতিপ্রাকৃতিক ঘরানা দর্শকের মধ্যে জনপ্রিয়তা পেয়েছিল। লোককথায় রহস্যজনক গল্প, কোঙ্কণ উপকূলের বৃষ্টিভেজা ভূপ্রকৃতি চোখ টেনেছিল দর্শকের। এবার সেই সিনেমার সিক্যুয়েলের সঙ্গে যুক্ত হলেন আলিয়া।
অভিনেত্রীর কথায়, ‘তুম্বাড়’ দেখার পর আমার হৃদয়ে গেঁথে গেছে। খুব কম সিনেমাই এমন এক কল্পজগৎ তৈরি করতে পারে, যা দর্শকের মনে দাগ কাটে। ‘তুম্বাড়’-এর এই জগৎটায় আমিও ঢুকতে চেয়েছিলাম। তাই সুযোগটা পেয়ে হাতছাড়া করিনি।
আলিয়ার শেষ দুটি সিনেমা ‘জিগরা’ বা ‘আলফা’ কোনোটিই বক্স অফিসে ভালো করেনি। সেজন্যই হয়তো জনপ্রিয় অতিপ্রাকৃতিক ঘরানার দিকে ঝুঁকছেন অভিনেত্রী নিজেও।
‘তুম্বাড় ২’-এ আলিয়ার যুক্ত হওয়ার খবর প্রকাশের পর সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ বেড়েছে। এর আগে নির্মাতারা সিনেমাটির একটি মোশন পোস্টার এবং কয়েকটি রহস্যময় পোস্ট প্রকাশ করেন, যা সিনেপ্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি করে।
সোহমের পোস্টে সিনেমাটির অন্ধকার ও রহস্যময় জগতের ইঙ্গিত দেওয়া হয়েছিল। ২০২৭ সালের ৩ ডিসেম্বর ‘তুম্বাড় ২’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সময়ের আলো/প্রিন্ট/জেডি