ফুটবল কখনো শুধু দুই দলের লড়াই নয়, অনেক সময় ম্যাচের ভাগ্য লেখা হয় একের পর এক ব্যক্তিগত দ্বৈরথে। ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মহারণও তেমনই এক গল্প। এখানে একদিকে যেমন আছে লিওনেল মেসির জাদু, তেমনি অন্যদিকে ডেকলান রাইসের রক্ষণভেদী দৃঢ়তা। কোথাও হ্যারি কেইনের গোলের ক্ষুধা, আবার কোথাও তাকে থামানোর অপেক্ষায় ক্রিশ্চিয়ান রোমেরো।
মাঝমাঠে এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের বিপরীতে জুড বেলিংহাম-এনটনি গর্ডন জুটি, আর দুই প্রান্তে জুলিয়ান আলভারেজ ও বুকায়ো সাকার গতির লড়াই। ফাইনালের টিকেটের লড়াই তাই অনেকটাই নির্ভর করবে এই তারকাদের ব্যক্তিগত দ্বৈরথের ওপর। কারণ বড় ম্যাচে প্রায়ই দলগত কৌশলের চেয়ে একজন ফুটবলারের একটি ট্যাকল, একটি পাস কিংবা একটি মুহূর্তের জাদুই বদলে দেয় পুরো ম্যাচের গল্প।
সবচেয়ে আলোচিত লড়াইটি নিঃসন্দেহে লিওনেল মেসির সঙ্গে ডেকলান রাইস ও নিকো ও’রাইলির। আর্জেন্টিনার প্রতিটি আক্রমণের শুরু কিংবা শেষ সবখানেই মেসির ছোঁয়া। প্রতিপক্ষের রক্ষণ চিরে দেওয়া পাস, মুহূর্তের সিদ্ধান্ত বদলে দেওয়া ড্রিবল কিংবা দূরপাল্লার নিখুঁত শট। সব মিলিয়ে তিনিই আর্জেন্টিনার সবচেয়ে বড় অস্ত্র।
আর সেই অস্ত্রকে নিষ্ক্রিয় করার দায়িত্ব থাকবে ইংল্যান্ডের মাঝমাঠের প্রহরী রাইসের কাঁধে। বল কেড়ে নেওয়া, পাসের পথ বন্ধ করা এবং মেসিকে সময় না দেওয়াই হবে তার মূল লক্ষ্য। তবে রাইসকে শুধু ট্যাকল করলেই চলবে না, তাকে বুঝে-শুনে অবস্থান নিতে হবে। কারণ মেসি এক মুহূর্তের ফাঁক পেলেই ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন। আর মেসি যদি ডান প্রান্ত দিয়ে আক্রমণে ওঠার চেষ্টা করে তা হলে তাকে আটকানোর দায়িত্ব থাকবে নিকোর। এই লড়াইয়ে যে এগিয়ে থাকবে, ম্যাচের ছন্দও অনেকটাই তার দল নিয়ন্ত্রণ করবে।
আক্রমণভাগে আরেকটি বড় দ্বৈরথ হবে জুলিয়ান আলভারেজ ও ইংল্যান্ডের সেন্টার-ব্যাক মার্ক গেহির মধ্যে। আলভারেজের নিরন্তর প্রেসিং, ফাঁকা জায়গা খুঁজে নেওয়ার দক্ষতা এবং গোলের সামনে তার শীতল মাথা আর্জেন্টিনার বড় শক্তি। শুধু গোল করাই নয়, সামনে থেকে প্রতিপক্ষের ডিফেন্সে চাপ সৃষ্টি করাও তার অন্যতম বড় গুণ। বিপরীতে গেহির সামনে চ্যালেঞ্জ হবে তাকে এক মুহূর্তের জন্যও ফাঁকা না রাখা। একটি ভুল অবস্থান কিংবা এক সেকেন্ডের অসাবধানতাই ইংল্যান্ডের জন্য বড় মূল্য ডেকে আনতে পারে। গেহি যদি আলভারেজকে বক্সের বাইরে আটকে রাখতে পারেন, তা হলে ইংল্যান্ডের রক্ষণ অনেকটাই স্বস্তিতে থাকবে।
ইংল্যান্ডের আক্রমণের কেন্দ্রবিন্দু হ্যারি কেইনের সামনে অপেক্ষা করছে পরিচিত এক প্রতিপক্ষ। টটেনহামে দীর্ঘদিন একসঙ্গে খেলা ক্রিশ্চিয়ান রোমেরো খুব ভালো করেই জানেন কেইন কখন বক্স ছেড়ে নিচে নামেন, কখন ডিফেন্ডারের কাঁধে ভর করে জায়গা তৈরি করেন কিংবা কোন মুহূর্তে শট নেওয়ার সিদ্ধান্ত নেন।
অন্যদিকে কেইনও জানেন রোমেরোর আগ্রাসী ডিফেন্ডিংয়ের ধরন। তাই এটি শুধু একজন স্ট্রাইকার ও একজন ডিফেন্ডারের লড়াই নয়, বরং দুই সাবেক সতীর্থের বুদ্ধি, অভিজ্ঞতা ও মানসিক শক্তিরও পরীক্ষা। রোমেরো যদি কেইনকে গোলমুখ থেকে দূরে রাখতে পারেন, তা হলে আর্জেন্টিনা বড় সুবিধা পাবে। আবার কেইন যদি রোমেরোর চাপ সামলে নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারেন, তা হলে ইংল্যান্ডের আক্রমণ অনেক বেশি প্রাণবন্ত হয়ে উঠবে।
মাঝমাঠে দেখা যাবে চার তারকার শক্তির পরীক্ষা। আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার যেমন বলের দখল ধরে রেখে খেলার গতি নিয়ন্ত্রণ করতে চাইবেন, তেমনি জুড বেলিংহাম ও ডেকলান রাইস কিংবা এনটনি গর্ডন চেষ্টা করবেন সেই ছন্দ ভেঙে দিতে। এনজোর দূরপাল্লার পাস, ম্যাক অ্যালিস্টারের বক্স-টু-বক্স দৌড় এবং বেলিংহামের আক্রমণাত্মক মানসিকতা। সব মিলিয়ে মাঝমাঠের এই লড়াই হতে পারে পুরো ম্যাচের প্রাণ। যে দল মাঝমাঠে আধিপত্য বিস্তার করবে, তাদের জন্য আক্রমণ গড়ে তোলা যেমন সহজ হবে, তেমনি প্রতিপক্ষের আক্রমণও থামানো সম্ভব হবে।
ডান প্রান্তে ইংল্যান্ডের সবচেয়ে বড় ভরসা বুকায়ো সাকা। তার গতি, ড্রিবলিং এবং ওয়ান-টু-ওয়ান পরিস্থিতিতে প্রতিপক্ষকে হারিয়ে দেওয়ার ক্ষমতা আর্জেন্টিনার জন্য বড় হুমকি। তাঁকে থামানোর কঠিন দায়িত্ব থাকবে অভিজ্ঞ লেফট-ব্যাক নিকোলাস তাগলিয়াফিকোর। সাকা যদি ডান দিক দিয়ে নিয়মিত আক্রমণ তুলতে পারেন, তা হলে ইংল্যান্ডের জন্য গোলের সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।
অন্যদিকে তাগলিয়াফিকো যদি তাকে প্রান্তে আটকে রাখতে পারেন এবং ক্রস করার সুযোগ কমিয়ে দিতে পারেন, তা হলে আর্জেন্টিনা অনেক বড় বিপদ এড়াতে পারবে। বিশ্বকাপের সেমিফাইনালের মতো মঞ্চে কৌশল, অভিজ্ঞতা কিংবা দলগত সমন্বয় অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু ইতিহাস বলছে, এমন ম্যাচে অনেক সময় ফল নির্ধারণ করে দেয় কয়েকটি ব্যক্তিগত লড়াই।
তাই আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল শুধু দুই দেশের লড়াই নয়; এটি হবে মেসি-রাইস, কেইন-রোমেরো, আলভারেজ-গেহি, এনজো-ম্যাক অ্যালিস্টার বনাম বেলিংহাম-রাইস এবং সাকা-তাগলিয়াফিকোদের একের পর এক স্নায়ুযুদ্ধের মঞ্চ। এই ছোট ছোট দ্বৈরথে যে দল বেশি সফল হবে, শেষ পর্যন্ত বিশ্বকাপের মহাফাইনালের টিকেটও সম্ভবত তারাই নিশ্চিত করবে।
সময়ের আলো/প্রিন্ট/জেডি