ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের ২৬টি চেক জালিয়াতির মাধ্যমে প্রায় ৫১ লাখ টাকা আত্মসাতের ঘটনায় অভিযুক্ত তিন সরকারি কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) অতনু বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া উপজেলা পরিষদের সাবেক সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পার্থ সারথী পাল, বর্তমান অফিস সহায়ক ফিরোজ ও নুর ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী কোনো সরকারি কর্মচারী ফৌজদারি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে গেলে সেদিন থেকেই সাময়িক বরখাস্তের আদেশ কার্যকর হয়। তবে সাময়িক বরখাস্তকালীন বিধি অনুযায়ী তারা নির্ধারিত হারে ভাতা ও অন্যান্য প্রাপ্য সুবিধা পাবেন।
প্রসঙ্গত, উপজেলা পরিষদের উন্নয়ন ও রাজস্ব খাতের ২৬টি সরকারি চেকের টাকার অঙ্ক ও বানান পরিবর্তন করে প্রায় ৫১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গত ৭ জুলাই তিন কর্মচারীকে গ্রেফতার করা হয়।
তবে মামলাটি পুলিশের তদন্তের এক্তিয়ারভুক্ত নয় উল্লেখ করে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করে। পরে রোববার ফুলগাজী আমলি আদালত থেকে তিন অভিযুক্ত জামিন পান। আদালত পর্যবেক্ষণে উল্লেখ করেন, এটি দুদকের তফসিলভুক্ত অপরাধ হওয়ায় মামলার ডকেট দুদকে পাঠানোর প্রয়োজন রয়েছে, যাতে কমিশন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নিতে পারে।
সময়ের আলো/জোই