খুলনায় সাংবাদিকদের আড্ডায় লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৪ জুলাই) রাত ১টার দিকে নগরীর জাতিসংঘ শিশুপার্কের সামনে এই ঘটনা ঘটে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন সেখানে উপস্থিত সাংবাদিকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের কাজ শেষে রাত ১০টা থেকে গভীর রাত পর্যন্ত জাতিসংঘ পার্কের পাশে জলিলের দোকানে স্থানীয় সাংবাদিকরা নিয়মিত আড্ডা দেন। ঘটনার দিন রাতেও সেখানে কয়েকজন সাংবাদিক বসে গল্প করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা হেলমেট পরিহিত দুই যুবক হঠাৎ সাংবাদিকদের লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি সেখানে থাকা প্লাস্টিকের টুলে এসে বিদ্ধ হয়।
গুলি ছুড়ে মুহূর্তের মধ্যেই দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। গুলির এই ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’-এর খুলনা প্রতিনিধি আওয়াল সামান্য আহত হন।
সহকর্মীরা জানান, দুর্বৃত্তদের ছোড়া গুলিটি টুলে বিদ্ধ হওয়ার পর, তার একটি স্প্লিন্টার (বুলেটের ভগ্নাংশ) সাংবাদিক আওয়ালের বুকে এসে লাগে। এতে তার বুকের কিছু অংশ ছিঁড়ে যায়। তবে আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তিনি এখন সুস্থ আছেন।
খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মতি বলেন, আমরা প্রতিদিনের মতো এখানে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ দুজন হেলমেট পরা যুবক বাইকে এসে আমাদের লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে একটি প্লাস্টিকের চেয়ারে লাগে এবং সেটি ভেঙে যায়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে ব্যবহৃত বুলেটের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। ঠিক কী কারণে এবং কারা এই ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
সময়ের আলো/জোই