রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় আনোয়ারুল হক (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (১৫ জুলাই) রাত ৯টার দিকে উত্তরা জসিমউদ্দীন রোডে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে ইয়াছিন আরাফাত জানান, তাদের বাড়ি পাবনা জেলার সুজানগর উপজেলার ঘোরাদহ গ্রামে। বর্তমানে পরিবারটি রাজধানীর দক্ষিণখান এলাকায় বসবাস করে। উত্তরায় তাদের একটি মোটর গ্যারেজ রয়েছে।
তিনি জানান, রাতে কাজ শেষে তার বাবা পায়ে হেঁটে উত্তরা জসিমউদ্দীন রোডের ইউ-টার্ন মোড় পার হচ্ছিলেন। এ সময় অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম জানান, রাতে উত্তরা জসিমউদ্দীন রোড এলাকায় অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সময়ের আলো/আরবিএন