ট্রাম্পের পোস্ট সবার আগে পেতে ওয়াল স্ট্রিটকে মাসে দিতে হবে ১ লাখ ডলার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’ এক অভিনব ও বিতর্কিত বাণিজ্যিক উদ্যোগ নিয়েছে। ট্রুথ সোশ্যালে ট্রাম্পের করা

2026-07-18T09:38:39+00:00
2026-07-18T09:38:39+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ট্রাম্পের পোস্ট সবার আগে পেতে ওয়াল স্ট্রিটকে মাসে দিতে হবে ১ লাখ ডলার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৯:৩৮ এএম 
ছবি : সংগৃহীত
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’ এক অভিনব ও বিতর্কিত বাণিজ্যিক উদ্যোগ নিয়েছে। ট্রুথ সোশ্যালে ট্রাম্পের করা যেকোনো পোস্ট সাধারণ ব্যবহারকারীদের কাছে নোটিফিকেশন যাওয়ার আগেই যেন ওয়াল স্ট্রিটের বড় বড় ব্যবসায়ী ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো পেতে পারে, সেজন্য চড়া মূল্যের একটি প্রিমিয়াম সেবা চালুর আলোচনা চলছে। এই অতি-দ্রুত ডেটা ফিডের জন্য প্রতি মাসে ১ লাখ ডলার (বাংলাদেশী মুদ্রায় প্রায় ১ কোটি ১৭ লাখ টাকা) পর্যন্ত ফি দাবি করেছে ট্রাম্পের মিডিয়া কোম্পানি।

শনিবার (১৮ জুলাই) বার্তা সংস্থা রয়টার্স ও ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ সম্প্রতি ‘ট্রুথ এপিআই’ নামের একটি লাইসেন্সকৃত ডেটা ফিড সেবা উন্মোচন করেছে। এই সেবার মাধ্যমে ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মের সবচেয়ে প্রভাবশালী ১০টি অ্যাকাউন্টের (যার মধ্যে ট্রাম্পের নিজের অ্যাকাউন্টও রয়েছে) পোস্ট সাধারণ অ্যাপ নোটিফিকেশনের চেয়ে কয়েক মিলিসেকেন্ড দ্রুত গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হবে। কোনো প্রতিষ্ঠান যদি তিন বছরের জন্য চুক্তি করে, তবে সে ক্ষেত্রে মাসে ৬০ হাজার ডলারের ছাড়কৃত মূল্যের একটি বিশেষ পরিকল্পনাও প্রস্তাব করা হয়েছে। ১ আগস্ট থেকে এই বাণিজ্যিক সেবাটি চালু হতে যাচ্ছে।

শেয়ার বাজার ও বৈশ্বিক অর্থনীতিতে ডোনাল্ড ট্রাম্পের করা পোস্টগুলোর প্রভাব প্রচণ্ড। এর আগে ২০১৫ সালের এপ্রিলে ট্রাম্প যখন একটি পোস্টে নতুন শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করার ঘোষণা দেন, তখন মুহূর্তের মধ্যে ওয়াল স্ট্রিটের প্রধান সূচকগুলো চাঙ্গা হয়ে উঠেছিল। উচ্চ-ফ্রিকোয়েন্সি ট্রেডিং বা অ্যালগরিদমিক ট্রেডিং করা প্রতিষ্ঠানগুলোর কাছে মাত্র কয়েক মিলিসেকেন্ডের অগ্রগামিতাও লাখ লাখ ডলারের মুনাফা নিশ্চিত করতে পারে। তাই অন্যান্যদের চেয়ে আগে ট্রাম্পের নীতিগত সিদ্ধান্ত বা মন্তব্য জানতে এই বিশাল অঙ্কের টাকা দিতেও রাজি অনেক বড় বড় হেজ ফান্ড ও ব্যাংক।

এদিকে, প্রেসিডেন্ট পদের প্রভাব খাটিয়ে ট্রাম্প এবং তার পরিবার এভাবে অর্থ উপার্জন করছে বলে আমেরিকার রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে। ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পারিবারিক ট্রাস্টের প্রায় ৪১ শতাংশ শেয়ার রয়েছে। ফলে এই আয়ের বড় অংশই যাবে ট্রাম্প পরিবারের পকেটে।

সিনেট ব্যাংকিং কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য সিনেটর এলিজাবেথ ওয়ারেন একে একটি ‘লজ্জাজনক পরিকল্পনা’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, এটি সাধারণ আমেরিকানদের কোনো উপকারে না এনে মূলত প্রেসিডেন্সি পদকে পুঁজি করে ওয়াল স্ট্রিটকে ধনী করার এবং নিজেদের পকেট ভরার একটি অপচেষ্টা।

অন্যদিকে সরকারি নজরদারি সংস্থা ‘সিটিজেনস ফর রেসপন্সিবিলিটি অ্যান্ড এথিক্স ইন ওয়াশিংটন’-এর প্রেসিডেন্ট ডোনাল্ড শেরম্যান বলেন, এটি চরম অনৈতিক হলেও আইনত একে অবৈধ বলা কঠিন। কারণ মার্কিন সংবিধানে বা কোনো নিয়ন্ত্রণ সংস্থার নীতিমালায় এমন কোনো নিয়ম আগে থেকে ভাবা হয়নি, যেখানে দেশের প্রেসিডেন্ট নিজেই বাজার নিয়ন্ত্রণকারী তথ্য অর্থের বিনিময়ে আগেভাগে বিক্রি করতে পারেন।


সময়ের আলো/কহু


  বিষয়:   সময়ের আলো  যুক্তরাষ্ট্র  ওয়াল স্ট্রিট 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: