ফাইনালের আগে রেকর্ডের বন্যা

ক্রীড়া ডেস্ক

খেলা

ফিফা বিশ্বকাপের ফাইনালকে সামনে রেখে নজরকাড়া সব রেকর্ড ও পরিসংখ্যান ফুটে উঠেছে। বল দখল থেকে গোল, ড্রিবল, ক্লিন শিট কিংবা

2026-07-19T02:50:02+00:00
2026-07-19T02:50:02+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
ফাইনালের আগে রেকর্ডের বন্যা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ২:৫০ এএম 
ছবি : সংগৃহীত
ফিফা বিশ্বকাপের ফাইনালকে সামনে রেখে নজরকাড়া সব রেকর্ড ও পরিসংখ্যান ফুটে উঠেছে। বল দখল থেকে গোল, ড্রিবল, ক্লিন শিট কিংবা অপরাজিত থাকার ধারাবাহিকতা প্রতিটি বিভাগেই নতুন ইতিহাস গড়েছেন স্পেন ও আর্জেন্টিনার তারকারা। এক নজরে দেখে নেওয়া যাক টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত সংখ্যাগুলো।

স্পেনের মিডফিল্ডার রদ্রি উত্তর আমেরিকায় অনুষ্ঠিত এই বিশ্বকাপে মোট ৬৪৮টি সফল পাস সম্পন্ন করেছেন, যা বিশ্বকাপ ইতিহাসে এক আসরে সর্বোচ্চ। ৩০ বছর বয়সি এই মিডফিল্ডার নিজেরই আগের রেকর্ড (কাতার ২০২২-এ ৬৩৮টি পাস) ভেঙেছেন। এর আগে স্পেনেরই জাভি ২০১০ বিশ্বকাপে ৫৯৯টি সফল পাস দিয়ে তালিকায় ছিলেন। এবারের আসরে রদ্রির সবচেয়ে কাছাকাছি রয়েছেন সতীর্থ পাও কুবার্সি (৫৪৭) ও আইমেরিক লাপোর্তে (৫৩৩)।

স্পেন টানা ৩৭ ম্যাচ অপরাজিত থেকে পুরুষদের আন্তর্জাতিক ফুটবলের যৌথ রেকর্ড স্পর্শ করেছে। ২০২৪ সালের মার্চে কলম্বিয়ার কাছে ১-০ গোলে হারের পর থেকে লা রোজা ২৭টি ম্যাচ জিতেছে এবং ১০টি ড্র করেছে। এর আগে ইতালি (২০১৮-২০২১) এবং আর্জেন্টিনা (২০১৯-২০২২) একই কীর্তি গড়েছিল।

স্পেনের তরুণ উইঙ্গার লামিন ইয়ামাল এবারের বিশ্বকাপে সর্বোচ্চ ৩০টি সফল ড্রিবল করেছেন। এরপর রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে (২৪), ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র (২৩), আর্জেন্টিনার লিওনেল মেসি (২২) এবং বেলজিয়ামের জেরেমি ডোকু (২১)। এক বিশ্বকাপে সর্বাধিক সফল ড্রিবলের রেকর্ড দিয়েগো ম্যারাডোনার (৫৩টি, মেক্সিকো ১৯৮৬)। এই শতাব্দীতে সর্বোচ্চ ৪৬টি ড্রিবল করেছেন মেসি (ব্রাজিল ২০১৪)।

আর্জেন্টিনা এবারের বিশ্বকাপে ১৯টি গোল করেছে, ম্যাচপ্রতি গড় ২.৭১ গোল। ১৯৭০ সালের ব্রাজিলের পর এক আসরে এটিই সর্বোচ্চ গোলসংখ্যা। বিশ্বকাপ ইতিহাসে এর চেয়ে বেশি গোল করেছে মাত্র চারটি দল। অন্যদিকে স্পেন করেছে ১৩ গোল, যা তাদের বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ। এটি ১৯৮৬ সালের আগের সেরা রেকর্ডের চেয়ে দুই গোল বেশি এবং ২০১০ সালে শিরোপাজয়ী অভিযানের চেয়ে পাঁচ গোল বেশি।

আর্জেন্টিনা টানা ১৩ ম্যাচে অন্তত দুটি করে গোল করেছে, যা বিশ্বকাপের নতুন রেকর্ড। সবশেষ তারা এক ম্যাচে দুই গোল করতে ব্যর্থ হয়েছিল কাতার বিশ্বকাপে, সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হারের ম্যাচে। এ ছাড়া টানা ১৬ ম্যাচে গোল করার কীর্তিও রয়েছে আলবিসেলেস্তেদের।


লিওনেল মেসি এবারের বিশ্বকাপে করেছেন ৮ গোল। এক বিশ্বকাপে এর চেয়ে বেশি গোল করেছেন মাত্র পাঁচজন ফুটবলার। গোল্ডেন বুটের দৌড়ে মেসি এগিয়ে আছেন কিলিয়ান এমবাপের চেয়ে, কারণ দুজনের গোলের পাশাপাশি মেসির রয়েছে ৪টি অ্যাসিস্ট, যেখানে এমবাপের ৩টি। গোল ও অ্যাসিস্ট মিলিয়ে মেসির ১২টি গোলে অবদান, যা ১৯৭০ সালে গার্ড মুলারের ১৩ অবদানের পর সর্বোচ্চ।

আর্জেন্টিনা এবারের বিশ্বকাপে খেলা ৭টি ম্যাচই জিতেছে, যা ২০০২ সালের ব্রাজিলের রেকর্ডের সমান। ফাইনাল জিততে পারলে শতভাগ জয়ের রেকর্ড নিয়ে বিশ্বকাপ জেতা ইতিহাসের পঞ্চম দল হবে লিওনেল স্কালোনির শিষ্যরা।

স্পেনের গোলরক্ষক উনাই সিমন সাত ম্যাচে ৬টি ক্লিন শিট রেখেছেন, যা এক বিশ্বকাপে সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ ছিল ৫টি ক্লিন শিট। এ ছাড়া টানা ৬৫০ মিনিট গোল না খেয়ে বিশ্বকাপের নতুন রেকর্ডও গড়েছেন তিনি। এই আসরে তার সেভের হার ৯৩ শতাংশ, যা সব গোলরক্ষকের মধ্যে সর্বোচ্চ।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   ফাইনাল  রেকর্ড  বন্যা  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: