আর্জেন্টিনার বিপক্ষে একাট্টা লাতিন আমেরিকা

সময়ের আলো ডেস্ক

খেলা

লাতিন আমেরিকার কোনো দেশ বিশ্বকাপের ফাইনালে উঠলে সাধারণত পুরো অঞ্চলের ফুটবলপ্রেমীরাই তাদের সমর্থনে এগিয়ে আসেন। তবে এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন।

2026-07-19T08:44:27+00:00
2026-07-19T08:44:27+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
আর্জেন্টিনার বিপক্ষে একাট্টা লাতিন আমেরিকা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৮:৪৪ এএম 
ছবি : সংগৃহীত
লাতিন আমেরিকার কোনো দেশ বিশ্বকাপের ফাইনালে উঠলে সাধারণত পুরো অঞ্চলের ফুটবলপ্রেমীরাই তাদের সমর্থনে এগিয়ে আসেন। তবে এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। লিওনেল মেসির আর্জেন্টিনা চতুর্থবারের মতো বিশ্বকাপ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামার আগে পুরো লাতিন আমেরিকা যেন এককাট্টা হয়েছে তাদের বিপক্ষে। ব্রাজিল থেকে শুরু করে মেক্সিকো, কলম্বিয়া কিংবা চিলি— সব দেশের ফুটবলভক্তরাই আজ ফাইনালে স্পেনের পক্ষে গলা ফাটাচ্ছেন।

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে একটি মিম ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, যেখানে স্পেনের ১৭ বছর বয়সী তারকা লামিন ইয়ামালকে ব্রাজিলের জার্সি পরিয়ে ক্যাপশন দেওয়া হয়েছে— ‘ব্রাজিলিয়ানদের শেষ ভরসা’।

লাতিন আমেরিকার ফুটবলপ্রেমীদের এই আর্জেন্টিনা-বিদ্বেষ কেবল পেলে-ম্যারাডোনার ঐতিহাসিক দ্বৈরথেই সীমাবদ্ধ নেই। কলম্বিয়ার সমাজবিজ্ঞানী জার্মান গোমেজ মনে করেন, আর্জেন্টিনার প্রতি আঞ্চলিক সংহতির জায়গাটি ভেঙে গেছে। ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে এই ধারণা আরও জোরালো হয়েছে যে, আর্জেন্টিনা ও মেসি ফিফার বিশেষ আনুকূল্য পাচ্ছেন। ফুটবলপ্রেমীদের বড় একটি অংশের দাবি, রেফারিদের বিতর্কিত সিদ্ধান্ত বারবার আর্জেন্টিনার পক্ষে যাচ্ছে, যার কারণে মেসিকে অনেকেই রসিকতা করে ‘ফিফার গোল্ডেন বয়’ বলে ডাকছেন।

ব্রাজিলের সাও পাওলোর বাসিন্দা ফ্রান্সিসকো সান্তোস (৪২) বলেন, ব্রাজিল যদি হেক্সা জিততে না পারে, তবে আর্জেন্টিনার চারবার চ্যাম্পিয়ন হওয়ার চেয়ে স্পেনের দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়া আমি বেশি পছন্দ করব। একই সুর মেক্সিকোর পুলিশ কর্মকর্তা আন্তোনিও লোপেজের কণ্ঠেও, মেসি একজন কিংবদন্তি। কিন্তু মাঠে রক্ত জল করে চ্যাম্পিয়ন হওয়া আর রেফারিদের সাহায্যে জেতার মধ্যে পার্থক্য আছে।

বিশ্বকাপের এই ফাইনালকে ঘিরে মাঠের বাইরের রাজনীতি ও বর্ণবাদের ইস্যুও সামনে এসেছে। আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্ট হাভিয়ের মিলের উগ্র রাজনৈতিক অবস্থানের কারণে চিলির অনেক সমর্থক আর্জেন্টিনার পরাজয় কামনা করছেন, যেন মিলের এই জয়কে নিজের রাজনৈতিক প্রচারণায় ব্যবহার করতে না পারেন। এর পাশাপাশি ফরাসি দলের কৃষ্ণাঙ্গ খেলোয়াড়দের নিয়ে আর্জেন্টিনা দলের বিতর্কিত গান এবং কৃষ্ণাঙ্গ মার্কিন ইনফ্লুয়েন্সার ‘আইশোস্পিড’কে নিয়ে আর্জেন্টিনার এক সমর্থকের বর্ণবাদী মন্তব্য এই ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে।

অবশ্য এসব সমালোচনাকে খুব একটা গায়ে মাখছেন না লিওনেল মেসি। ফাইনালের আগে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, দল হিসেবে তারা মাঠের লড়াইয়ে নিজেদের সেরাটা দিয়েই ফাইনালে এসেছেন। লাতিন আমেরিকার বাকি দেশগুলো বিপক্ষে থাকলেও, যুক্তরাষ্ট্রে থাকা হাজারো ভক্ত এবং নিজ দেশের মানুষের অকুণ্ঠ সমর্থনকে সঙ্গী করেই আজ মাঠের লড়াইয়ে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা।

লিওনেল মেসি আরও বলেছেন, আর্জেন্টিনা চার বছর আগে যা চেয়েছিল তা অর্জন করেছে। আমরা আবারও প্রমাণ করেছি কেউ আমাদের কিছু বিনামূল্যে দিয়ে দেয়নি। যার কষ্ট লাগে লাগুক।

সময়ের আলো/কহু


  বিষয়:   সময়ের আলো  বিশ্বকাপ  ফুটবল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: