যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসলে নেমে নিখোঁজ হওয়া গৃহবধূ ফাতেমা আক্তার বর্ণার (২৮) মরদেহ একদিন পর উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় নওয়াপাড়া ভৈরব ব্রিজ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ফাতেমা আক্তার বর্ণা অভয়নগর উপজেলার মশরহাটি গ্রামের হাবিবুর রহমানের মেয়ে এবং মানিকগঞ্জের রবিউল ইসলামের স্ত্রী। দুই দিন আগে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তিনি।
বর্ণার ছোট ভাই মেহেদী হাসান জানান, শুক্রবার (১৭ জুলাই) দুপুর ২টার দিকে নওয়াপাড়ার সরদার মিলসংলগ্ন মালোপাড়া মহিলা ঘাটে তারা কয়েকজন গোসল করতে নামেন। একপর্যায়ে বর্ণা পানিতে তলিয়ে নিখোঁজ হন।
পরিবারের সদস্য, স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালালেও তার সন্ধান পাওয়া যায়নি।
শনিবার সন্ধ্যায় ভৈরব ব্রিজ এলাকায় তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। এরপর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করলে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে নওয়াপড়া নৌ-পুলিশের অফিসার ইনর্চাজ রনজিত কুমার জানান, নিখোঁজের পর থেকে উদ্ধার অভিযান চলছিলো। শনিবার সন্ধ্যায় ভৈরব নদীর ব্রিজের ওপারে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সময়ের আলো/জেডি