দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বিএনপি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই বিষয়ে তাকে লিখিত ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদকে এই নোটিশ পাঠানো হয়। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক এই যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়কের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী নানা তৎপরতার অভিযোগ উঠেছে।
শোকজ নোটিশে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর দলীয় শৃঙ্খলাবিরোধী বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে একই বছরের ১ সেপ্টেম্বর ফখর উদ্দিন আহমেদকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব স্তরের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তিনি নিজের কৃত অপরাধের জন্য দুঃখ প্রকাশ করে আবেদন করলে, ২০২৫ সালের ২৪ অক্টোবর দলীয় সিদ্ধান্তে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়।
তবে চিঠিতে ক্ষোভ প্রকাশ করে উল্লেখ করা হয়, দলের প্রাথমিক সদস্যপদ ফিরে পাওয়ার পর তিনি এবং তার ঘনিষ্ঠজনেরা আবারও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে।
এই পরিস্থিতির প্রেক্ষিতে, তার বিরুদ্ধে কেন নতুন করে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না— তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত জবাব জমা দিতে বলা হয়েছে।
এর আগে ভালুকা অঞ্চলের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান নিয়ন্ত্রণ ও দখলের গুরুতর অভিযোগে ফখর উদ্দিন আহমেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। দলীয় শৃঙ্খলা ভঙ্গের এই নতুন নোটিশের বিষয়ে ফখর উদ্দিন আহমেদের বক্তব্য তাৎক্ষণিকভাবে সংগ্রহ করা সম্ভব হয়নি।
সময়ের আলো/জেডি