বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ফুটবলপ্রেমীদের উন্মাদনা এখন তুঙ্গে। জমকালো ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামছে এবারের ফুটবল বিশ্বকাপের। এই মহোৎসবকে স্মরণীয় করে রাখতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের পবনাপাড় গ্রামে গরু জবাই করে বিশাল ভূরিভোজের আয়োজন করেছেন আর্জেন্টিনা সমর্থকেরা।
পবনাপাড় গ্রামের আর্জেন্টিনা ভক্তদের উদ্যোগে স্থানীয় 'কে এম চাঁদ মিয়া পাবলিক লাইব্রেরি অ্যান্ড স্পোর্টিং ক্লাব' প্রাঙ্গণে এই উৎসবমুখর ভোজের আয়োজন করা হয়। খেলাকে কেন্দ্র করে সকাল থেকেই পবনাপাড় ও এর আশপাশের গ্রাম থেকে শত শত আর্জেন্টিনা সমর্থক ক্লাব চত্বরে জড়ো হতে থাকেন। জার্সি গায়ে ও পতাকা হাতে তাদের আনন্দ-উচ্ছ্বাসে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।
শুধু পবনাপাড়-ই নয়, উপজেলার বিভিন্ন এলাকায় আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে এমন ভুড়িভোজের খবর পাওয়া গেছে। খেলা উপভোগ করার জন্য বিভিন্ন এলাকার ক্লাব ও মোড়ে মোড়ে বসানো হয়েছে বিশালাকার প্রজেক্টর ও ডিজিটাল পর্দা। ক্লাব বা সামাজিক সংগঠনগুলোর পাশাপাশি ঘরে ঘরেও চলছে বিশেষ খাবারের আয়োজন।
পবনাপাড় গ্রামের আর্জেন্টিনা সমর্থক বরকতউল্লাহ বলেন, আমরা আর্জেন্টিনার কড়া সমর্থক। গত ২০২২ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ উপলক্ষেও আমরা ভূরিভোজের আয়োজন করেছিলাম। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবারও আমরা ১ লাখ ৩০ হাজার টাকা দিয়ে একটি গরু কিনেছি। কেবল সমর্থকরাই নন, আমাদের এই আয়োজনে এলাকার এতিম ও অসহায় মানুষদের জন্যও খাবারের ব্যবস্থা করা হয়েছে।
এদিকে উপজেলার যুবদলের সদস্য সচিব ও আর্জেন্টিনা সমর্থক মান্নান শেখ জানান, কান্দি ইউনিয়নের আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে মোট ১২টি স্পটে প্রায় ৮ হাজার মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। বড় পর্দায় খেলা দেখার পাশাপাশি খেলা দেখতে আসা সকল দর্শককে এখানে আপ্যায়ন করা হবে।
সময়ের আলো/জোই