ফুটবল বিশ্বকাপের ফাইনালকে ঘিরে মাদারীপুরের শিবচর উপজেলার কাদিরপুর গ্রামে তৈরি হয়েছে উৎসবের আবহ। প্রতিদ্বন্দ্বী দুই দল স্পেন ও আর্জেন্টিনার সমর্থকদের একসঙ্গে নিয়ে মহিষ ভোজের আয়োজন করেছেন স্পেন সমর্থকেরা। ফুটবলের উত্তেজনার পাশাপাশি ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত তৈরি করেছে এ আয়োজন।
সোমবার (২০ জুলাই) রাত ১টায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফাইনাল। এতে দক্ষিণ আমেরিকার শক্তিশালী দল আর্জেন্টিনার মুখোমুখি হবে ইউরোপের পরাশক্তি স্পেন। ম্যাচের আগেই কাদিরপুরে স্পেনপ্রবাসীদের উদ্যোগে আয়োজন করা হয়েছে এই বিশেষ ভোজের। এতে অংশ নেবেন দুই দলের সমর্থকসহ এলাকার ফুটবলপ্রেমীরা। ভোজ শেষে সবাই একসঙ্গে বসে উপভোগ করবেন ফাইনালের উত্তেজনাপূর্ণ লড়াই।
স্থানীয় আব্দুল গাফ্ফার মুন্সী সোহাগ তার ফেসবুক আইডিতে এ আয়োজনের খবর প্রকাশ করেন। তিনি জানান, কাদিরপুরে স্পেনপ্রবাসীদের উদ্যোগে স্পেন, আর্জেন্টিনাসহ সব দলের সমর্থকদের জন্য এই মহিষ ভোজের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে কুষ্টিয়ার উজানপাড়া হাট থেকে বিশেষভাবে একটি মহিষ কেনা হয়েছে।
নিজের পোস্টের শেষে স্পেনের প্রতি সমর্থন জানিয়ে তিনি লেখেন, ‘Vamos España!’
স্থানীয় বাসিন্দারা জানান, ফুটবলকে ঘিরে এমন আয়োজন এলাকায় আনন্দের পরিবেশ সৃষ্টি করেছে। মাঠের প্রতিদ্বন্দ্বিতা থাকলেও, বাস্তব জীবনে দুই দলের সমর্থকেরা একসঙ্গে বসে আনন্দ ভাগাভাগি করছেন। একই টেবিলে বসে ভোজে অংশ নেওয়ার এই উদ্যোগ বিশ্বকাপের সৌন্দর্য ও সম্প্রীতির বার্তাই তুলে ধরেছে।
সময়ের আলো/মহু