নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, মজুদ ও পরিবহনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ঝালকাঠি জেলা প্রশাসন। গত এক সপ্তাহে জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে একাধিক অসাধু ব্যবসায়ীকে জরিমানা করার পাশাপাশি অবৈধ বাল্কহেড জব্দ করা হয়েছে। নদী রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে জেলা প্রশাসনের এই কার্যক্রম অব্যাহত রয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ১২ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত পরিচালিত অভিযানের বিবরণ নিচে দেওয়া হলো।
১২ জুলাই ঝালকাঠির বিকনা ব্র্যাক মোড় এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় অভ্যন্তরীণ নৌ-চলাচল অধ্যাদেশ, ১৯৭৬-এর ৩৩ ধারা লঙ্ঘনের দায়ে দুই ব্যক্তিকে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
১৩ জুলাই ঝালকাঠি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কৃষ্ণকাঠি সংলগ্ন সুগন্ধা নদীতে অভিযান চালানো হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং নৌ-চলাচল অধ্যাদেশ, ১৯৭৬ লঙ্ঘনের দায়ে একটি বাল্কহেড জব্দ করে নৌ-পুলিশের জিম্মায় দেওয়া হয়।
এ বিষয়ে নিয়মিত মামলার জন্য ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ প্রদান করা হয়েছে। তবে ঘটনাস্থলে অভিযুক্তদের না পাওয়ায় কাউকে তাৎক্ষণিক জরিমানা করা সম্ভব হয়নি।
১৯ জুলাই সদর উপজেলার গাবখান সেতু ও গাবখান চ্যানেল সংলগ্ন এলাকায় পুনরায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। অনুমতিবিহীন বাল্কহেডের মাধ্যমে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে এক ব্যক্তিকে অভ্যন্তরীণ নৌ-পরিবহন অধ্যাদেশ, ১৯৭৬-এর সংশ্লিষ্ট ধারায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. তৌহিদ হোসেন জানান, নদী তীরবর্তী পরিবেশ রক্ষা এবং সরকারি বিধি-নিষেধ অমান্যকারী অসাধু চক্রের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
সময়ের আলো/জোই