ঝালকাঠিতে হত্যা ও একাধিক ডাকাতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি

আতিকুর রহমান, ঝালকাঠি

সারাদেশ

ঝালকাঠিতে হঠাৎ করেই আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। জেলা শহরের টিঅ্যান্ডটি রোডে তিন বাসায় চুরির পাশাপাশি এক নারীকে হাত-পা বেঁধে

2026-07-19T10:48:37+00:00
2026-07-19T10:48:55+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ঝালকাঠিতে হত্যা ও একাধিক ডাকাতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি
আতিকুর রহমান, ঝালকাঠি
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ১০:৪৮ এএম  আপডেট: ১৯.০৭.২০২৬ ১০:৪৮ এএম
নারীকে হত্যা ও ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করছেন জেলা পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মামুন আল ইসলাম। ছবি : সময়ের আলো
ঝালকাঠিতে হঠাৎ করেই আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। জেলা শহরের টিঅ্যান্ডটি রোডে তিন বাসায় চুরির পাশাপাশি এক নারীকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা এবং রাজাপুরে দুটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। অল্প সময়ের ব্যবধানে অপরাধ চক্রের এমন আকস্মিক তৎপরতা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, যা ভাবিয়ে তুলছে সচেতন মহল ও আইনশৃঙ্খলা বাহিনীকে।

অনুসন্ধানে জানা গেছে, ঝালকাঠি শহরের টিঅ্যান্ডটি রোডের তপন হালদারের ভবনের নিচতলার ভাড়াটিয়া মলিনা রায়কে (৫০) বাসায় রেখে পরিবারের সদস্যরা শুক্রবার সকালে সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের ভীমরুলী এলাকায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসবে যান। মলিনা রায়ের স্বামী রতন রায় কর্মসূত্রে ঢাকায় অবস্থান করায় ওই বাসায় তিনি তার মেয়ে পূজা রায়কে নিয়ে বসবাস করতেন। উৎসবের কারণে ওইদিন তিনতলা ভবনের অন্য বাসিন্দারাও বাইরে ছিলেন।

সন্ধ্যা পৌনে ৮টার দিকে স্বজনরা বাসায় ফিরে প্রধান ফটকের তালা ভাঙা এবং ঘরের আসবাবপত্র তছনছ অবস্থায় দেখতে পান। একপর্যায়ে ঘরের ভেতরে প্রবেশ করে মেয়ে পূজা রায় তার মাকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা পরানো অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে মলিনা রায়কে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ভবনের মালিক তপন হালদার ও তৃতীয় তলার ভাড়াটিয়া পল্লবী বড়াল জানান, রথযাত্রার সুযোগে চোরের দল ওই ভবনের নিচতলা থেকে তৃতীয় তলা পর্যন্ত তিনটি ফ্ল্যাটের তালা ভেঙে ঘরে ঢোকে। তারা মলিনা রায়কে হত্যার পাশাপাশি ওপরের দুটি ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।

ঘটনার খবর পেয়ে ঝালকাঠির ভারপ্রাপ্ত পুলিশ সুপার মামুন আল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস.এম. বায়জীদ ইবনে আকবর ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রাথমিক তথ্য সংগ্রহ করেন। ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, নিহতের মরদেহের অন্ত্যেষ্টিক্রিয়া শেষে স্বজনরা লিখিত অভিযোগ দিলে মামলাটি রুজু করা হবে।

এদিকে, রাজাপুর উপজেলার চাড়াখালী গ্রামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বসতঘরে শনিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটা থেকে সাড়ে চারটার মধ্যে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. শাহআলম শিকদার চুন্নু (৫০) জানান, রাতে ৬-৭ জনের একটি অজ্ঞাতনামা ডাকাত দল ঘরের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে শাহআলম, তার স্ত্রী এবং একমাত্র কন্যাসন্তানকে জিম্মি করে হাত, পা ও চোখ দড়ি দিয়ে বেঁধে ফেলে। এরপর পুরো ঘর তছনছ করে নগদ ৮৫ হাজার টাকা, প্রায় ৫ ভরি স্বর্ণালংকার এবং একটি স্মার্টফোন লুটে নেয়।

এর আগে, গত বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাত ১টার দিকে রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের উত্তর বাঘরী এলাকায় ব্যবসায়ী পরিমল হালদারের (৬৫) বাড়িতে আরেকটি ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার জানায়, ডাকাতরা ঘরের পেছনের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে।

পরিমল হালদারের পুত্রবধূ দীপা মিস্ত্রি জানান, দরজায় ধাক্কার শব্দ শুনে তার স্বামী প্রবাসী পলাশ হালদার (৩৫) দরজা খোলামাত্রই ৭-৮ জনের মুখোশধারী ডাকাত দল রামদা ও লোহার রড নিয়ে তাদের ওপর চড়াও হয়। ডাকাতরা পলাশ হালদারের মাথায় ধারালো রামদা দিয়ে একাধিক কোপ দেয় এবং রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। চিৎকার শুনে পাশের কক্ষ থেকে শ্বশুর পরিমল হালদার এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করা হয়।

পরে পরিবারের সবাইকে একটি কক্ষে আটকে রেখে প্রাণনাশের হুমকি দিয়ে আলমারি ও ওয়ারড্রবের চাবি ছিনিয়ে নেয় ডাকাতরা। তারা ঘর থেকে নগদ ১০ লাখ টাকা, প্রায় ১৫ ভরি স্বর্ণ, ১৫ ভরি রুপা, ৪টি বিদেশি টর্চলাইট এবং ৪টি মোবাইল ফোন লুট করে রাত আনুমানিক ২টা ২০ মিনিটে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়।

ঝালকাঠির ভারপ্রাপ্ত পুলিশ সুপার মামুন আল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস. এম. বায়েজিদ ইবনে আকবর সাংবাদিকদের বলেন, খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলগুলোতে পৌঁছে আলামত সংগ্রহ করেছে। ঝালকাঠি ও রাজাপুরের ঘটনাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং খুব দ্রুতই এই অপরাধের প্রকৃত রহস্য উদ্ঘাটন করা হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   ঝালকাঠি  হত্যা  ডাকাতি  আইনশৃঙ্খলা পরিস্থিতি  অবনতি  বরিশাল  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: