ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) পুরুষদের ক্যারম দ্বৈত প্রতিযোগিতায় সময়ের আলোর রফিক রাফি ও জাগোনিউজ২৪.কমের সাঈদ শিপন জুটি চ্যাম্পিয়ন হয়েছে। রোববার ডিআরইউর স্পোর্টস রুমে অনুষ্ঠিত হয় কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬-এর আয়োজন পুরুষদের ক্যারম দ্বৈত প্রতিযোগিতা।
ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেলের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় সাংবাদিকদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ফাইনালে সময়ের আলোর রফিক রাফি ও জাগোনিউজ২৪.কমের সাঈদ শিপন জুটি দৈনিক জনকণ্ঠের এমএম জসিম ও ডেইলি সানের আরিফুর রহমান জুটিকে পরাজিত করে শিরোপা জয় করে।
প্রতিযোগিতায় দৈনিক প্রভাতের আরাফাত দাড়িয়া ও জিটিভির সাজ্জাদ হোসাইন জুটি তৃতীয় স্থান অর্জন করে। ডিআরইউর ক্রীড়া উৎসব উপলক্ষে বিভিন্ন ইভেন্টে সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে সংগঠনের প্রাঙ্গণে।
সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ ও বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি করতেই প্রতি বছরের মতো এবারও ক্রীড়া উৎসবের আয়োজন করা হয়েছে।
সময়ের আলো/প্রিন্ট/জেডি