রাজধানীর সবুজবাগে পূর্বশত্রুতার জেরে পলাশ (৩৬) নামে ওয়ার্ড বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সবুজবাগ রাজারবাগ পানির পাম্পের গলিতে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় বন্ধুরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিহত পলাশের বন্ধু মো. হিরা জানান, পলাশ রেন্ট-এ কারে প্রাইভেটকার চালাত। তবে বর্তমানে তিনি বেকার ছিল। তিনি সবুজবাগ ৫ নং ওয়ার্ড বিএনপির কর্মী ছিলেন। সন্ধ্যার দিকে এলাকার মাদককারবারি ও রিকশা চোর রয়েল সহ কয়েকজন পানির পাম্পের গলিতে পলাশকে কুপিয়ে দুই হাতের কব্জি থেকে বিচ্ছিন্ন ও শরীরের একাধিক জায়গায় কুপিয়ে ফেলে রেখে যায়। খবর তাকে প্রথমে মুগদা মেডিকেলে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তিনি মারা যায়।
হাসপাতালে নিহত পলাশের বোন জোসনা আক্তার জানান, তাদের বাড়ি লক্ষিপুর জেলার রায়পুর থানার সোনাপুর গ্রামে। বর্তমানে সবুজবাগ মাদারটেক চৌরাস্তা এলাকায় থাকতো। গত ৬ মাস আগে মরিয়ম আক্তারকে বিয়ে করে। কিছুদিন আগে এলাকার রয়েল নামে একজনের সাথে পলাশের মারামারি হয়েছিল। আজকে কে বা কারা পলাশকে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের বিচার চাই।
সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান জানান, সবুজবাগ এলাকায় একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এই খবর পেয়ে হাসপাতালে এসেছি। বিস্তারিত জানতে ঘটনাস্থলে টিম কাজ করছে।
সময়ের আলো/কেএইচও