জঙ্গল সলিমপুরে সড়ক নির্মাণে সেনাবাহিনীর প্রস্তাবে সিডিএর আপত্তি

সীতাকুণ্ড প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় সেনাবাহিনীর বাস্তবায়নাধীন কয়েকটি অভ্যন্তরীণ ও সংযোগ সড়ক নির্মাণ পরিকল্পনায় আপত্তি জানিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ

2026-07-21T23:58:03+00:00
2026-07-22T00:02:43+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
সারাদেশ
জঙ্গল সলিমপুরে সড়ক নির্মাণে সেনাবাহিনীর প্রস্তাবে সিডিএর আপত্তি
সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১১:৫৮ পিএম  আপডেট: ২২.০৭.২০২৬ ১২:০২ এএম
জঙ্গল সলিমপুরে সেনাবাহিনীর সংযোগ সড়ক নির্মাণ পরিকল্পনা ঘুরে দেখেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় সেনাবাহিনীর বাস্তবায়নাধীন কয়েকটি অভ্যন্তরীণ ও সংযোগ সড়ক নির্মাণ পরিকল্পনায় আপত্তি জানিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। সিডিএর সলিমপুর আবাসিক এলাকার ভেতর দিয়ে দুটি সংযোগ সড়ক নির্মাণের প্রস্তাবে এ আপত্তি জানানো হয়। আবাসিক এলাকার নিরাপত্তা ও পরিবেশ রক্ষার স্বার্থে সেনাবাহিনীকে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে সলিমপুর আবাসিক এলাকার প্লট মালিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে প্রস্তাবিত সড়ক নির্মাণ এলাকা পরিদর্শন করেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। এ সময় সেনাবাহিনীর প্রতিনিধি দলের উপস্থিতিতে সড়ক নির্মাণের সম্ভাব্য স্থানসমূহ ঘুরে দেখা হয় এবং মৌজা ম্যাপের ভিত্তিতে স্থানগুলো যাচাই-বাছাই করা হয়।

সিডিএ সূত্রে জানা যায়, জঙ্গল সলিমপুর একটি স্পর্শকাতর এলাকা। সেখান থেকে সরাসরি সলিমপুর আবাসিক এলাকার ভেতর দিয়ে স্থায়ী সড়ক নির্মাণ করা হলে আবাসিক এলাকার আইনশৃঙ্খলা, নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। সে কারণে স্থানীয় অধিবাসী ও প্লট মালিকদের দাবির মুখে বিকল্প স্থানে সড়ক নির্মাণের প্রস্তাব দিয়েছে সিডিএ।


পরিদর্শন শেষে সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, জঙ্গল সলিমপুরের ওই সড়কটি মূল আবাসিক এলাকার ভেতর দিয়ে নির্মাণের সুযোগ নেই। বিকল্প হিসেবে খালের পাড় ধরে সাময়িকভাবে একটি অস্থায়ী পথ ব্যবহারের অনুমতি দেওয়া যেতে পারে। তবে স্থায়ী কোনো সড়ক আবাসিক এলাকার ভেতর দিয়ে নির্মাণ করা সমীচীন হবে না।

তিনি আরও জানান, প্লট মালিকদের মতামত বিবেচনায় নিয়ে সেনাবাহিনীকে বিকল্প রুট দেখিয়ে দেওয়া হয়েছে। প্রস্তাবিত বিকল্প রুটের সম্ভাব্য ব্যয় নির্ধারণ করে পরবর্তী সময়ে সেনাবাহিনী সিডিএকে অগ্রগতির বিষয়ে অবহিত করবে।

মতবিনিময় সভায় সিডিএ চেয়ারম্যান সলিমপুর আবাসিক এলাকাকে একটি আধুনিক, নিরাপদ ও পরিবেশবান্ধব আবাসিক এলাকা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি স্থানীয় বাসিন্দাদের খাল-নালায় ময়লা-আবর্জনা না ফেলা, জলাবদ্ধতা সৃষ্টি হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকা এবং সিডিএর ইমারত বিধিমালা মেনে ভবন নির্মাণের আহ্বান জানান। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর পরামর্শ দেন।

এ সময় তিনি আবাসিক এলাকার দীর্ঘদিনের গ্যাস ও পানি সংকট নিরসনের আশ্বাস দিয়ে বলেন, দ্রুত পানির সংযোগ নিশ্চিত করতে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে আলোচনা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে এলাকার নাগরিক সমস্যাগুলোর সমাধান করা হবে বলেও জানান তিনি।

মতবিনিময় সভা ও পরিদর্শনে সিডিএ এবং বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি সিলিমপুর আবাসিক এলাকার প্লট মালিক সমিতির নেতারাও উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   জঙ্গল সলিমপুর  সড়ক নির্মাণ  সেনাবাহিনী  সিডিএ  আপত্তি  বিকল্প রুট  পরামর্শ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: