আফগানিস্তানের জাতীয় দলের ওয়ানডে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ব্যাটার হাশমতউল্লাহ শহীদী। ২০২২ সালের শুরু থেকে এই দায়িত্ব পালন করে আসছিলেন শহীদী। সম্প্রতি ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৩১ বছর বয়সীর নেতৃত্বে খেলেছে আফগানিস্তান।
শহীদীর নেতৃত্বে চোখে পড়ার মতো সাফল্য পেয়েছে আফগানিস্তান। ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে হারিয়েছিল তারা। অল্পের জন্য নকআউট পর্বে উঠতে পারেনি দলটি।
কিন্তু সাড়ে চার বছরের বেশি সময়ের এই অধ্যায়ের অবসান ঘটালেন শহীদী। সোশ্যাল মিডিয়ায় নিজের এই সিদ্ধান্তের কথা জানান তিনি। শহীদী লিখেছেন, আজ আমি পূর্ণ সম্মান ও সম্মতির সাথে ঘোষণা করছি যে, সম্পূর্ণ নিজস্ব সিদ্ধান্তে আমি দলের অধিনায়কত্ব থেকে পদত্যাগ করছি। অধিনায়ক হিসেবে এই দায়িত্ব পালন করা আমার জন্য অনেক বড় সম্মানের বিষয় ছিল। সততা, ঐক্য এবং সততার সাথে আমার দলের সাথে সেবা করতে পেরে আমি গর্বিত।
গত জুনে ভারতের বিপক্ষে শহীদীর নেতৃত্বে আফগানরা ৫৫তম ওয়ানডে খেলেছিল। এই সময়ে এশিয়া কাপেও অধিনায়কত্ব করেছেন তিনি। শহীদীর নেতৃত্বে আফগানিস্তান ২৭ ওয়ানডে জিতেছে। তিনি বললেন, আল্লাহর অশেষ রহমতে এবং কর্মকর্তা, কোচ ও খেলোয়াড়দের প্রচেষ্টায় আমরা অনেক জয় অর্জন করেছি, গুরুত্বপূর্ণ ম্যাচ জিতেছি, বড় বড় দলকে পরাজিত করেছি এবং দলের সুনামকে আরও উঁচুতে নিয়ে গিয়েছি। এই সমস্ত অর্জন কেবল আমার একার নয়, বরং পুরো দলের দলীয় প্রচেষ্টা, ত্যাগ এবং সমন্বয়ের ফসল।
অধিনায়ক হিসেবে তার ব্যাটিং পরিসংখ্যান ছিল অধিনায়ক না থাকার দিনগুলোর মতোই। নেতৃত্বে যখন ছিলেন না তখন তার ব্যাটিং গড় ছিল ৩২.৯৭ ও স্ট্রাইক রেট ৬৪.৩৯। অধিনায়ক হিসেবে সামান্য উন্নতি হয়েছিল, ৩৩.৭৯ গড় ও ৭০.৭৭ স্ট্রাইক রেট। তার ৯৬ ম্যাচের ক্যারিয়ারের একমাত্র সেঞ্চুরি এসেছিল অধিনায়ক থাকাকালে। গত জুনে আফগানদের শেষ ওয়ানডেতে ভারতের বিপক্ষে চেন্নাইয়ে ১৩১ বলে ১০২ রান করেছিলেন তিনি।
শহীদী বলেন, আমি আমার দলের সব খেলোয়াড়কে ধন্যবাদ জানাচ্ছি, যারা প্রতিটি জয় এবং প্রতিটি চ্যালেঞ্জে সর্বদা আমাকে সমর্থন করেছেন এবং আমার পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছেন। আমি কর্মকর্তা এবং দলের প্রশাসনের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা আমার ওপর বিশ্বাস রেখেছিলেন এবং সব সময় আমাকে সমর্থন দিয়েছেন। আপনাদের বিশ্বাস ও সহযোগিতা সব সময়ই আমার জন্য সম্মানের হয়ে থাকবে।
তবে সাধারণ খেলোয়াড় হিসেবে ওয়ানডে খেলে যাবেন বলে নিশ্চিত করেছেন শহীদী। আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে শুরু হচ্ছে আফগানিস্তানের পাঁচ ম্যাচের ওয়ানডে সি রিজ। তার আগেই নতুন অধিনায়ক নির্বাচন করতে হবে।
সময়ের আলো/আআ