প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুষ্ঠিত সাক্ষাতে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে সিঙ্গাপুর তাদের অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে ভাগাভাগি করতে আগ্রহ প্রকাশ করে।
এছাড়া মিচেল লি বাংলাদেশের বন্দর ও লজিস্টিকস খাতে সিঙ্গাপুরের চলমান আগ্রহ, বিমান চলাচল খাতের উন্নয়ন, বিশেষ করে বিমানবন্দরের ডিজিটালাইজেশন, সরকারি সেবার আধুনিকায়ন, দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করার উদ্যোগ, কার্বন ক্রেডিট সহযোগিতা এবং সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়নে সহযোগিতার বিভিন্ন বিষয় তুলে ধরেন।
বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও ফলপ্রসূ পরিবেশে অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ শিক্ষাক্ষেত্রে যৌথ উদ্যোগ, জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক জোরদার এবং বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করতে ভবিষ্যতেও এ ধরনের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
সময়ের আলো/আআ