২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে, কিন্তু টুর্নামেন্ট ঘিরে আলোচনা এখনও থামেনি। ছয় সপ্তাহ ধরে উত্তর আমেরিকার বিভিন্ন শহরে বিশ্বকাপ কাভার করা আন্তর্জাতিক ক্রীড়া সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিকের ১৪ জন ফুটবল বিশ্লেষক টুর্নামেন্টের বিভিন্ন দিক নিয়ে নিজেদের মূল্যায়ন দিয়েছেন। তাদের রায়ে স্পেন ছিল বিশ্বকাপের সেরা দল, আর ব্যক্তিগত পারফরম্যান্সে সবচেয়ে বেশি প্রশংসা কুড়িয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।
বিশ্লেষকদের প্রায় সবাই মনে করেন, বিশ্বকাপ জয়ের যোগ্য দল ছিল স্পেনই। কোচ লুইস দে লা ফুয়েন্তের অধীনে দলটি পুরো টুর্নামেন্টে সবচেয়ে সংগঠিত ও ধারাবাহিক ফুটবল খেলেছে। নকআউট পর্বে অস্ট্রিয়া, পর্তুগাল, বেলজিয়াম ও ফ্রান্সকে হারিয়ে ফাইনালে ওঠে লা রোজারা।
বিশ্লেষকদের মতে, স্পেনের শক্তি ছিল তাদের দলীয় সমন্বয়, মাঝমাঠের নিয়ন্ত্রণ ও দুর্দান্ত রক্ষণভাগ। পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করেই বিশ্বকাপ জেতা তাদের আধিপত্যের বড় প্রমাণ। একই সঙ্গে লামিনে ইয়ামাল, পাউ কুবার্সি, নিকো উইলিয়ামস, মিকেল মেরিনো ও রদ্রির মতো ফুটবলারদের ধারাবাহিক পারফরম্যান্স স্পেনের শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছে বলেও মত দিয়েছেন তারা।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে কিছু মতভেদ থাকলেও সবচেয়ে বেশি সমর্থন পেয়েছেন লিওনেল মেসি। ৩৯ বছর বয়সেও আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে তার নেতৃত্ব, গোল ও অ্যাসিস্টকে অসাধারণ বলে আখ্যা দিয়েছেন অধিকাংশ লেখক। তাদের মতে, মেসি না থাকলে আর্জেন্টিনা ফাইনালে পৌঁছাতে পারত না। যদিও আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতেছেন স্পেনের রদ্রি। ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপেও প্রশংসা পেয়েছেন। গোল্ডেন বুট জয়ের পাশাপাশি বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েন তিনি। এ ছাড়া স্পেনের অধিনায়ক রদ্রি, ইংল্যান্ডের জুড বেলিংহাম, ফ্রান্সের মাইকেল ওলিসে এবং স্পেনের তরুণ ডিফেন্ডার পাও কুবার্সির পারফরম্যান্সও বিশেষভাবে উল্লেখ করেছেন লেখকরা।
সেরা গোলের ক্ষেত্রে প্রায় সর্বসম্মতভাবে কেপভার্দের সিডনি লোপেস কাবরালের আর্জেন্টিনার বিপক্ষে করা গোলটিকেই বেছে নিয়েছেন লেখকরা। অসাধারণ দলীয় আক্রমণের পর দূরপাল্লার দুর্দান্ত ফিনিশিং এবং গোল উদযাপনের দৃশ্যকে অনেকেই বিশ্বকাপের অন্যতম আইকনিক মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন। এমবাপের সেনেগালের বিপক্ষে করা গোল, আর্লিং হালান্ডের ব্রাজিলের বিপক্ষে দ্বিতীয় গোল এবং মেসির আলজেরিয়ার বিপক্ষে প্রথম গোল, আলভারাজের সুইজারল্যান্ডের বিপক্ষে গোলও প্রশংসা পেয়েছে।
প্রিয় মুহূর্তের তালিকাতেও জায়গা করে নিয়েছেন মেসি। ৩৯ বছর বয়সে বিশ্বকাপের মঞ্চে তার দুর্দান্ত পারফরম্যান্সকে অনেকেই টুর্নামেন্টের সবচেয়ে বড় আকর্ষণ বলে উল্লেখ করেছেন। এ ছাড়া আর্জেন্টিনার একের পর এক নাটকীয় প্রত্যাবর্তন, অস্ট্রিয়ার সাসা কালাইজিচের শেষ মুহূর্তের সমতাসূচক গোল এবং যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের উন্মাদনাপূর্ণ পরিবেশও লেখকদের মনে বিশেষভাবে দাগ কেটেছে। সব মিলিয়ে, দ্য অ্যাথলেটিকের ১৪ জন ফুটবল বিশ্লেষকের মূল্যায়নে ২০২৬ বিশ্বকাপ ছিল কৌশলগত ফুটবল, রুদ্ধশ্বাস নাটকীয়তা ও উচ্চমানের পারফরম্যান্সের এক অনন্য মিশেল। ছোট দলগুলোর সাহসী লড়াই, নতুন তারকাদের উত্থান।
সময়ের আলো/আরবিএন