‘নিট’ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতির অভিযোগে দিল্লির যন্তর মন্তরে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন টলিউডের সুপারস্টার জিৎ, সংগীতশিল্পী রূপম ইসলাম এবং বর্ষীয়ান সংগীতশিল্পী ও পরিচালক অঞ্জন দত্ত। শিক্ষার্থী সংগঠন ‘ককরোচ পার্টি’র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরেছেন।
দীর্ঘদিন নীরব থাকার পর নিট কাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান জিৎ। তিনি বলেন, শিক্ষার মতো মৌলিক অধিকার এবং পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ উল্লেখ করে তিনি লেখেন, পরীক্ষার্থীদের এই কঠিন লড়াই ও ন্যায়সঙ্গত প্রতিবাদের সঙ্গে তিনি সম্পূর্ণ একাত্মতা প্রকাশ করছেন। দুর্নীতির কাছে মাথা নত না করে তরুণদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি।
জিৎ আরও বলেন, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম কখনোই বিফলে যেতে দেওয়া উচিত নয়। তারা স্বচ্ছ বিচারের দাবিদার। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, এই ঘটনাকে রাজনৈতিক ইস্যু বানিয়ে রাজনৈতিক ফায়দা তোলার সময় এখন নয়; বরং সবার দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন।
অন্যদিকে, বাংলা রক সংগীতশিল্পী রূপম ইসলাম গান দিয়ে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন। যন্তর মন্তরে চলমান ককরোচ পার্টির অনশন ও আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পুরোনো প্রতিবাদী গান ‘সংহতি জানাই’-এর একটি অংশ শেয়ার করেন।
প্রায় আট বছর আগে প্রকাশিত ওই গানের অংশে তিনি গেয়েছেন, ছাত্রেরা বাকস্বাধীনতা চায়, ওরা হাঁটে যুক্তির রাস্তায়/ সেই সড়কে অগাধ বিশ্বাস আমার, তাই সংহতি জানাই। একই গানে প্রশাসনের উদ্দেশে তিনি গেয়েছেন, তুমি লেঠেল পাঠালে প্রশাসক, তুমি বশ্যতা চাও বিরোধীর/ জেনে নাও সবাই নয় স্তাবক, ওঁরা আগুন নতুন পংক্তির।
রূপম ইসলাম স্পষ্ট করে জানান, শিক্ষার্থীদের যেকোনো ন্যায়সংগত আন্দোলনের পাশে তিনি সবসময় ছিলেন এবং থাকবেন।
সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া শিল্পী ও পরিচালক অঞ্জন দত্তও নিট কাণ্ডে মুখ খুলেছেন। তিনি বলেন, শিক্ষার্থীদের এই ক্ষোভ পুরোপুরি যুক্তিসঙ্গত। দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার দাবি কোনো রাজনৈতিক রঙ বা স্বার্থের বিষয় নয়; বরং দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যন্তর মন্তরে চলমান ককরোচ পার্টির শিক্ষার্থী আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে তিনি প্রশাসন ও সরকারের প্রতি শিক্ষার্থীদের দাবি দ্রুত বিবেচনার আহ্বান জানান।
অঞ্জন দত্ত বলেন, আমি নির্বাচিত সরকারের ওপর আস্থা রাখি। আমি সংবিধানে বিশ্বাস করি এবং এখনও করি। কিন্তু যখন দেখি আমার দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থী শিক্ষার মতো একটি পবিত্র বিষয় নিয়ে ন্যায়বিচারের দাবি জানাচ্ছে, শিক্ষাক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে প্রশ্ন তুলছে এবং তা করছে সম্পূর্ণ গণতান্ত্রিক, সাংবিধানিক ও অহিংস উপায়ে, তখন আমাকে তাদের কুর্নিশ করতেই হয়।
সময়ের আলো/আরবিএন