
চলমান শিক্ষার্থী আন্দোলন নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জকারী দিল্লি পুলিশ সদস্যদের যুক্তরাষ্ট্রের অভিবাসন সংস্থা আইসিইর এজেন্টদের সঙ্গে তুলনা করে তিনি তীব্র সমালোচনা করেছেন। একই সঙ্গে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন।
ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘চলো সংসদ’ কর্মসূচিতে বিক্ষোভকারীদের ওপর দিল্লি পুলিশের লাঠিচার্জের একদিন পর মঙ্গলবার রাতে দলটির সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় এসব কথা বলেন জাতীয় পুরস্কারজয়ী এই অভিনেতা।
উর্দু ভাষায় দেওয়া বক্তব্যে নাসিরুদ্দিন শাহ বলেন, ‘যদি একজন মূর্খ এই দেশ পরিচালনা করে, তাহলে তার মন চাইবে যেন পুরো দেশটাই তার মতো মূর্খ, বোকা, অযোগ্য এবং নির্দয় হয়ে যায়।’
শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এই মুহূর্তে আমার মন ভারাক্রান্ত, আবার রাগেও ফুটছি। আমাদের সন্তানদের সঙ্গে যেভাবে আচরণ করা হচ্ছে, তা দেখে আমার যুক্তরাষ্ট্রের আইসিই এজেন্টদের কথা মনে পড়ে-মুখে মুখোশ, হাতে লাঠি নিয়ে থাকা সেই গুন্ডাদের। কখনো নিজেদের সন্তানদের কথাও ভাবুন। আর এটাও ভাবুন, একদিন আপনাদেরও আপনাদের প্রাপ্য মিলবে।’
আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা সাহস হারিয়ো না। অসংখ্য মানুষের সহানুভূতি তোমাদের সঙ্গে আছে। তোমাদের পাশে অনেক মানুষ রয়েছে। তোমরা লড়াই চালিয়ে যাও। আমাদের দেশের তরুণ প্রজন্মের প্রতি আমার সবসময়ই আশা ছিল, আর এখন সেই আশা আরও উজ্জ্বল হয়েছে। তোমরা নিজেদের লড়াই চালিয়ে যাও, আমরা তোমাদের সঙ্গে আছি।’
বিক্ষোভকারীদের অভিযোগ, সোমবার দিল্লি পুলিশ তাদের ওপর নির্বিচারে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতেও এমন দৃশ্য দেখা গেছে। তাদের আরও দাবি, পরিচয়পত্রবিহীন সাধারণ পোশাক পরা কয়েকজন ব্যক্তিও হামলায় অংশ নিয়েছিল।
শিক্ষাক্ষেত্রে অনিয়ম, বিশেষ করে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দুই সপ্তাহের বেশি সময় ধরে সিজেপির নেতৃত্বে এই আন্দোলন চলছে। আন্দোলনে যোগ দিয়েছেন সমাজকর্মী সোনম ওয়াংচুকও। তিনি দিল্লির জন্তরমন্তরে অনশন শুরু করেন।
মঙ্গলবার আন্দোলনকারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। একই দিন প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীসহ কংগ্রেসের কয়েকজন শীর্ষ নেতা। পরে পুলিশ রাহুল গান্ধীকে আটক করে।
সময়ের আলো/আরবিএন