সতেরো বছর পর লর্ডসে ফিরছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

খেলা

বাংলাদেশ ক্রিকেটের জন্য অবশেষে এলো বহু প্রতীক্ষিত সুখবর। প্রায় দেড় দশক পর আবারও ক্রিকেটের ‘তীর্থভূমি’ লর্ডসে টেস্ট খেলতে নামবে টাইগাররা।

2026-07-24T05:25:15+00:00
2026-07-24T05:25:15+00:00
 
  শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
খেলা
সতেরো বছর পর লর্ডসে ফিরছে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৫:২৫ এএম 
ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেটের জন্য অবশেষে এলো বহু প্রতীক্ষিত সুখবর। প্রায় দেড় দশক পর আবারও ক্রিকেটের ‘তীর্থভূমি’ লর্ডসে টেস্ট খেলতে নামবে টাইগাররা। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল লর্ডস থেকে সরিয়ে ওভালে নেওয়ার সিদ্ধান্তেই বাংলাদেশের সামনে খুলে গেছে ঐতিহাসিক এই ভেন্যুতে খেলার সুযোগ। আগামী বছরের ইংল্যান্ড সফরে একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে লর্ডসে, যেখানে ২০১০ সালের পর প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ। একই সফরে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে ইংল্যান্ড যাবে বাংলাদেশ নারী দলও।

বৃহস্পতিবার আগামী বছরের ইংলিশ গ্রীষ্মের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ঘোষিত সূচি অনুযায়ী ২৮ মে লর্ডসে শুরু হবে বাংলাদেশ-ইংল্যান্ড একমাত্র টেস্ট। এরপর ৯ জুন থেকে ওভালে অনুষ্ঠিত হবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। আর ১৮ জুন থেকে শুরু হবে বহুল প্রতীক্ষিত অ্যাশেজ সিরিজ।

গত মাসে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছিল, অ্যাশেজের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট খেলবে ইংল্যান্ড। তবে তখন ভেন্যু নির্ধারিত হয়নি। শুরুতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল লর্ডসে হওয়ার কথা 
থাকায় বাংলাদেশের ম্যাচটি অন্য মাঠে আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু ফাইনাল ওভালে সরিয়ে নেওয়ায় সেই সুযোগ চলে আসে লর্ডসের।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সরানোর পেছনে বড় কারণ লর্ডসের উইকেট নিয়ে উদ্বেগ। চলতি গ্রীষ্মে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের টেস্টে উইকেটের অতিরিক্ত সিম মুভমেন্ট ও অসম বাউন্স তীব্র সমালোচনার জন্ম দেয়। মাত্র ১৬৬ ওভারেই শেষ হয়ে যায় ম্যাচটি, যা ১৪০ বছরের ইতিহাসে লর্ডসে দুই দলের দুই ইনিংস সম্পন্ন হওয়া সবচেয়ে সংক্ষিপ্ত টেস্ট। ৪০টি উইকেটের মধ্যে ২৪টিই আসে বোল্ড ও এলবিডব্লিউতে। পরে আইসিসি উইকেটটিকে ‘অসন্তোষজনক’ ঘোষণা করে একটি ডিমেরিট পয়েন্টও দেয়।

আগামী বছর চার মাসের ব্যবধানে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট খেলবে বাংলাদেশ। বর্তমান ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী, ফেব্রুয়ারিতে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড। ম্যাচ দুটি হওয়ার কথা মিরপুর ও চট্টগ্রামে।

টেস্ট মর্যাদা পাওয়ার পর প্রথম দশ বছরের মধ্যেই দুই দফায় ইংল্যান্ড সফর করেছিল বাংলাদেশ। ২০০৫ সালে দুটি এবং ২০১০ সালে আরও দুটি টেস্ট খেলেছিল তারা। এরপর দীর্ঘ ১৭ বছর আর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলার সুযোগ পায়নি টাইগাররা। একই সময়ে ইংল্যান্ডও বাংলাদেশে টেস্ট খেলতে এসেছে মাত্র একবার, ২০১৬ সালে। সেই সিরিজটি ১-১ সমতায় শেষ হয়েছিল।

শুধু পুরুষ দলই নয়, ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ নারী দলও। প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে তারা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৮ সেপ্টেম্বর লর্ডসে। পরের দুটি ম্যাচ হবে ১০ সেপ্টেম্বর টন্টনে এবং ১২ সেপ্টেম্বর উস্টারে। এরপর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ১৭ সেপ্টেম্বর হোভে, দ্বিতীয়টি ২১ সেপ্টেম্বর ক্যান্টাবুরিতে এবং শেষ ম্যাচ ২৪ সেপ্টেম্বর চেমসফোর্ডে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের নারী ও পুরুষ দুই দলকেই স্বাগত জানাতে মুখিয়ে রয়েছে ইসিবি। সংস্থাটির প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড বলেন, ‘লর্ডসে একটি একক টেস্টের জন্য বাংলাদেশ পুরুষ দলকে স্বাগত জানাতে আমরা উচ্ছ্বসিত, যা হবে ২০১০ সালের পর ঘরের মাঠে তাদের বিরুদ্ধে আমাদের প্রথম টেস্ট ম্যাচ। একই সঙ্গে আমরা একটি সাদা বলের সিরিজে বাংলাদেশ নারী দলকেও আতিথ্য দেব।’

লর্ডসে ফেরার এই সুযোগ শুধু একটি টেস্ট ম্যাচ নয়, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনাও। প্রায় দুই দশকের অপেক্ষার পর আবারও ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চে নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ পাচ্ছে টাইগাররা।

সময়ের আলো/আআ



  বিষয়:   লর্ডস  বাংলাদেশ  ক্রিকেট  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: