যশোরের অভয়নগরে ভৈরব নদী থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ নিসর্গ সাহা বিশ্বাস (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে অভয়নগর নৌ-পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) আনুমানিক দুপুর ১২টার দিকে উপজেলার দেয়াপাড়া বড়বাড়ি পূর্বাচল খেয়াঘাট সংলগ্ন নদী থেকে স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়। পরে থানায় এসে নিসর্গের পরিবারের সদস্যরা লাশটি শনাক্ত করেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত নিসর্গ সাহা বিশ্বাসের বাড়ি অভয়নগরে। তার বাবার নাম পলাশ বিশ্বাস এবং মায়ের নাম কৃষ্ণা সাহা।
স্বজনেরা জানান, কয়েক দিন আগে নিসর্গ রহস্যজনকভাবে নিখোঁজ হন। বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল ছাই রঙের গোল গলার টি-শার্ট এবং খাকি রঙের গ্যাবার্ডিন প্যান্ট। অনেক খোঁজাখুঁজির পরও স্বজনেরা তার সন্ধান পাচ্ছিলেন না। পরবর্তীতে শুক্রবার দুপুরে ভৈরব নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা নৌ-পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, নৌ-পুলিশের কাছ থেকে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর সঠিক কারণ বের করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
হঠাৎ তরুণের মরদেহ উদ্ধারের এ ঘটনায় নিহতের পরিবারসহ পুরো অভয়নগর এলাকায় গভীর শোক ও শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
সময়ের আলো/জেডি